খুলনা | সোমবার | ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | ১০ ফাল্গুন ১৪৩২

সাউথ আফ্রিকার কাছে হেরে বড় ধাক্কা খেল ভারত

ক্রীড়া প্রতিবেদক |
১১:২২ পি.এম | ২২ ফেব্রুয়ারী ২০২৬


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে ভারত। তারা সাউথ আফ্রিকার কাছে ৭৬ রানের ব্যবধানে হেরেছে। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে খেলতে নেমে ১১১ রানেই থেমেছে ভারতের ইনিংস।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। শূন্য রানে ফেরেন ওপেনার ইশান কিশান। তিলক ভার্মা রানের খাতা খুললেও এক রানের বেশি করতে পারেননি। অফ ফর্মে থাকা অভিষেক শর্মাও এদিন বেশিদূর এগোতে পারেননি। আউট হয়েছেন ১৫ রান করেই।

টিকতে পারেননি ওয়াশিংটন সুন্দর ও অধিনায়ক সূর্যকুমার যাদব। সুন্দর ১১ বলে ১১ রান করেন আর সূর্যকুমারের ব্যাট থেকে আসে ২২ বলে ১৮। এক সময় ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫১ রানে ৫ উইকেট। সেখান থেকে ভারতের ইনিংস টানার চেষ্টা চালান শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া। তবে তাদের জুটি বড় হয়নি। হার্দিক ১৮ রান করে ফিরলে এই জুটি ভাঙে।

এরপর একপ্রান্ত আগলে রেখে খেলেছেন দুবে। তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। শেষদিকে তিনি আউট হন ৩৭ বলে ৪২ রান করে। ফলে জয় অধরাই থেকে যায় বিশ্বকাপের সহ-আয়োজকদের। প্রোটিয়াদের হয়ে দারুণ বোলিং করেছেন কেশভ মহারাজ। তিনি একাই নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন মার্কো জানসেন ও করবিন বশ। একটি উইকেট নেন এইডেন মার্করামও।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি সাউথ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন কুইন্টন ডি কক। জসপ্রিত বুমরাহর দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি ওপেনার। তৃতীয় ওভারে আউট হয়েছেন মার্করাম। পেসার আর্শদীপ সিংয়ের ব্যাক অব লেংথ ডেলিভারি মিড অফের ‍উপর দিয়ে খেলার চেষ্টায় হার্দিককে ক্যাচ দেন। টিকতে পারেননি রায়ান রিকেলটনও। বুমরাহর বলে লিডিং এজ হয়ে মিড অনে দুবেকে ক্যাচ দিয়েছেন।

মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। দ্রুত রান তুলতে না পারলে জুটি গড়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মিলার ও ব্রেভিস। উইকেটে থিতু হওয়ার পর আক্রমণাত্বক ব্যাটিংয়ে সাউথ আফ্রিকার রান বাড়িয়েছেন। তাদের দুজনের জমে ওঠা ৯৭ রানের জুটি ভাঙেন দুবে। ডানহাতি মিডিয়াম পেসারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে অভিষেকের হাতে ক্যাচ দিয়েছেন ব্রেভিস। ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলে ফেরেন তরুণ এই ব্যাটার।

একই ওভারে দুবেকে ছক্কা মেরে ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন মিলার। পঞ্চাশ ছোঁয়ার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। বরুণ চক্রবর্তীর বলে লং অফের ‍উপর দিয়ে ছক্কা মারার চেষ্টা ৩৫ বলে ৬৩ রান করে আউট হয়েছেন। দ্রুত ফিরেছেন জানসেন। তবে শেষ দিকে স্টাবসের ২৪ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেছেন। ব্রেভিস, স্টাবস ও মিলারের ব্যাটে ১৮৭ রানের পুঁজি পেয়েছে সাউথ আফ্রিকা। ভারতের হয়ে বুমরাহ তিনটি ও আর্শদীপ দুইটি উইকেট নিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ