খুলনা | মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | ১১ ফাল্গুন ১৪৩২

নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ১৮

খবর প্রতিবেদন |
০১:৪১ পি.এম | ২৩ ফেব্রুয়ারী ২০২৬

 

নেপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। দেশটির ধাডিং জেলায় পোখারা থেকে কাঠমান্ডুগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের দুই পর্যটকও আছেন।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, নেপালের ধাডিং জেলায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে একটি যাত্রীবাহী বাস ত্রিশুলি নদীতে পড়ে ১৮ জন মারা গেছে। আহত হন ২৬ জন। নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের দুই পর্যটকও রয়েছেন।

পোখারা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হওয়া বাসটি রাত আনুমানিক ১টার দিকে ধাডিং জেলার বেনিঘাট রোরাং পৌরসভার ভৈসেপাটি এলাকার কাছে পৃথ্বী মহাসড়কে নিয়ন্ত্রণ হারায় এবং চিনাধারা এলাকার কাছ দিয়ে প্রায় ৩০০ মিটার নিচে ত্রিশুলি নদীর তীরে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাসটি।

ধাডিং জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ের প্রধান শিশির থাপা জানান, নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ছয়জন নারী। হাইওয়ে রেসকিউ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান রাজকুমার থাকুরি বলেন, আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসটিতে মোট ৪৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুইজন ছিলেন নিউজিল্যান্ডের পর্যটক। তাদের একজন নারী ও অন্যজন পুরুষ। তারও এই দুর্ঘটনায় মারা যান।

দুর্ঘটনার পর নেপাল আর্মি, আর্মড পুলিশ ফোর্স ও নেপাল পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন। দুর্গম পাহাড়ি এলাকা, গভীর অন্ধকার এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর ঘাটতির কারণে উদ্ধার তৎপরতায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাদের।

জেলা প্রশাসক সুবেদি জানান, রাতের অন্ধকারে টর্চলাইটের সাহায্যে আহতদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ত্রাণসামগ্রীর ঘাটতি ছিল বলেও তিনি স্বীকার করেন। কর্তৃপক্ষ জানায়, রাতের এই দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজ জটিল হয়ে ওঠে।

প্রিন্ট

আরও সংবাদ