খুলনা | বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | ১৩ ফাল্গুন ১৪৩২

কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধি |
০৩:২৩ পি.এম | ২৫ ফেব্রুয়ারী ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আনুমানিক ২০ থেকে ২১ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বারবাজার এলাকার রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় পুকুর পাড়ের কাছে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলে তারা দ্রæত স্থানীয়দের অবহিত করেন এবং পরে রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের সময় যুবকের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়টি নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।

যশোর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জৌতিষচন্দ্র বর্মন বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় জানার জন্য পুলিশ আশপাশের থানাগুলোতে বার্তা পাঠিয়েছে এবং স্থানীয়দের কাছ থেকেও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। যুবকের পরিচয় শনাক্ত হলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
 

প্রিন্ট

আরও সংবাদ