খুলনা | বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | ১৩ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবুও র‍্যাংকিংয়ে ইমন-সাইফ-জাকেরের উন্নতি

ক্রীড়া প্রতিবেদক |
০৫:১৩ পি.এম | ২৫ ফেব্রুয়ারী ২০২৬


নিরাপত্তাশঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও আইসিসি র‍্যাংকিংয়ে উন্নতির দেখা পেয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার—পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও জাকের আলি অনিক।

বুধবার আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের সমীকরণে এগিয়েছেন এই ক্রিকেটাররা।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে ২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন পারভেজ হোসেন ইমন। ৫৪২ রেটিং পয়েন্ট নিয়ে এটিই তার ক্যারিয়ার সেরা অবস্থান।

এছাড়া সাইফ হাসান ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৪২ এবং জাকের আলি ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭২তম স্থানে জায়গা করে নিয়েছেন। 
তবে অবনতি হয়েছে তানজিদ হাসান তামিম (২১তম) ও লিটন দাসের (৫৪তম)। তাওহিদ হৃদয় ৪৭ নম্বর অবস্থানে অপরিবর্তিত আছেন।

বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৯ নম্বরে নিজের অবস্থান ধরে রাখলেও বাকিদের অবস্থা বেশ নাজুক।

শেখ মেহেদি (২১), রিশাদ হোসেন (২৭), নাসুম আহমেদ (৩৫) ও তানজিম সাকিবদের (৪৯) র‍্যাংকিংয়ে বড় পতন ঘটেছে। অলরাউন্ডারদের তালিকায় সেরা চল্লিশে বাংলাদেশের কেউ নেই; শেখ মেহেদি ৪৫ নম্বরে নেমে গেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের দারুণ পারফরম্যান্সের সুবাদে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সিকান্দার রাজা। তিনি পাকিস্তানের সাইম আইয়ুবকে টপকে এক নম্বরে উঠেছেন।

ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা (৮৭৭ পয়েন্ট), আর দ্বিতীয় স্থানে আছেন ফিল সল্ট। ৩ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান।

বোলিং র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী, যার পরেই রশিদ খানের অবস্থান। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ; তিনি ২১ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন। এছাড়া জাসপ্রিত বুমরাহ ৭ ধাপ এগিয়ে ৮ম স্থানে জায়গা করে নিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ