খুলনা | বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | ১৩ ফাল্গুন ১৪৩২

পদ স্থগিতের পর এবার গ্রেফতার সেই বিএনপি নেতা

খবর প্রতিবেদন |
১১:২৮ পি.এম | ২৫ ফেব্রুয়ারী ২০২৬

 

দলীয় পদ স্থগিত হওয়ার পর এবার গ্রেফতার করা হলো কিশোরগঞ্জে সরকারি গাছ কেটে ফেলা মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে কিশোরগঞ্জ শহর থেকে গ্রেফতার করে পুলিশ।

সরকারি গাছ কেটে ফেলার ওই ঘটনায় ফয়জুর রাজ্জাক নামে স্থানীয় বাসিন্দার করা মামলায় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করে বিএনপি।

এদিন গণমাধ্যমে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা সদরের কামালপুর এলাকায় নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলে নিজের বাড়িতে যাওয়ার পথ প্রশস্ত করেন পদ স্থগিত হওয়া ওই বিএনপি নেতা।

স্থানীয়রা জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ ও গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙন প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

ওই এলাকার একাধিক বাসিন্দার অভিযোগ, জাহাঙ্গীর আলমের বাড়িতে যাতায়াতের জন্য বাঁধের ওপর দিয়েই চলাচল করতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে অসুবিধার কারণে গত ৫ আগস্টের পর থেকে পর্যায়ক্রমে গাছ কাটা শুরু করেন তিনি।

সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০-১২টি গাছ কেটে ফেলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে জানান এলাকাবাসী।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় গাছ ব্যবসায়ী আঙ্গুর মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী ফয়জুর রাজ্জাক বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি গাছগুলো কেটে নিয়ে গেছেন গাছ ব্যবসায়ী আঙ্গুর মিয়া। তাই তার নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ