খুলনা | বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | ১৩ ফাল্গুন ১৪৩২

রাজধানীতে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা

খবর প্রতিবেদন |
০১:১৭ এ.এম | ২৬ ফেব্রুয়ারী ২০২৬

 

রাজধানীর রায়েরবাজার এলাকায় এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৪)।

বুধবার রাত ৯টার দিকে রায়েরবাজার বাসার সামনে এই ঘটন ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত বিন্তির বাবা বেল্লাল হোসেন জানান, তাদের বাসা রায়েরবাজার হায়দার হোটেলের গলিতে। বিন্তি রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলের সঙ্গে বাসার বাইরে যায়। এর কিছুক্ষণ পর বাসার নিচে হৈচৈ শুনে নিচে নেমে দেখেন, গলিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বিন্তি। দ্রুত তাকে সেখান থেকে শিকদার মেডিকেলে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে বিন্তির মা নাদিয়া বেগম বলেন, রাত ৮টার দিকে বিন্তি আর তার ভাই নাবিল এক সাঙ্গে বাসার বাইরে গিয়েছিল। নাবিল তরকারি কিনে বোনের হাতে দিয়ে বাসার নিচে বোনকে এগিয়ে দিয়ে সে মসজিদে চলে যায়। এর কিছুক্ষণ পর হৈচৈ শুনে নিচে নেমে দেখেন, তার মেয়েকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে। সেখানে স্থানীয় লোকজনের কাছে রক্তাক্ত অবস্থায় নিজেই বলেছে, সিয়াম নামে এক যুবক তাকে কুপিয়েছে।

তার মা আরও বলেন, তিনচার বছর আগে থেকে সিয়াম মোবাইলে ডিস্টার্ব করত বিন্তিকে। একদিন আমি সিয়ামকে মোবাইলে বকাবকি করি। আজকে আমার মেয়েকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। খুনি সিয়ামের ফাঁসি চাই।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের কাঁধে ও পিঠে এতাধিক জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।

প্রিন্ট

আরও সংবাদ