খুলনা | বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | ১৩ ফাল্গুন ১৪৩২

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ

নড়াইল প্রতিনিধি |
০১:৩৯ এ.এম | ২৬ ফেব্রুয়ারী ২০২৬


মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ-এর ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে তিনি নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রাম (বর্তমান নুর মোহাম্মদ নগর) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আমানত শেখ এবং মাতার নাম জেন্নাতুন নেচ্ছা। 
নূর মোহাম্মদ শেখ এর কর্মময় জীবন থেকে জানা যায় ১৯৫৯ সালে তৎকালীন (ইপিআর) পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন তিনি।  যা বর্তমান বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি নামে পরিচিত। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ  যুদ্ধে শাহাদাৎবরণ করেন তিনি। পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দেশ মাতৃকা রক্ষা করতে গিয়ে শত্র“পক্ষের হাতে নির্মমভাবে শহীদ হন নূর মোহাম্মদ। যশোর জেলার শার্শা উপজেলার কাশিপুর সীমান্তে তাকে সমাহিত করা হয়। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বীরশ্রেষ্ঠ পদবীতে ভূষিত হন তিনি।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট নড়াইলের আয়োজনে কোরআন খানি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ,  গার্ড অব অনার প্রদান,  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ