খুলনা | শুক্রবার | ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | ১৪ ফাল্গুন ১৪৩২

নাহিদ-লিটনের দাপটে ১৪০ বল হাতে রেখেই জয় পেল নর্থ জোন

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৪৫ পি.এম | ২৬ ফেব্রুয়ারী ২০২৬


নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়া সাউথ জোন দাঁড়াতেই পারল না নাজমুল হোসেন শান্তর নর্থ জোনের সামনে। আফিফ হোসেন-সৌম্য সরকারদের ব্যাটিং ব্যর্থতার দিনে জ্বলে উঠেছেন লিটন দাস-তাওহীদ হৃদয়রা। আর তাতে টানা দুই ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল নর্থ জোন।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আজ (২৬ ফেব্রুয়ারি) সাউথ জোনকে ৬ উইকেটে হারিয়েছে নর্থ জোন। শুরুতে ব্যাটিং করে ৩০ ওভার ৫ বলে ১৪৪ রানে গুটিয়ে যায় সাউথ জোন। জবাব দিতে নেমে ১৪০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে নর্থ জোন।

এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্টি নিয়ে ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে থাকল নর্থ জোন। আর ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া সাউথ জোনকে ফাইনালে উঠতে হলে ইস্ট জোনের বিপক্ষে শেষ ম্যাচে অবশ্যই জিততে হবে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সাউথ জোন। কোনো রান তোলার আগেই ফেরেন ওপেনার আনিসুল ইসলাম। আরেক ওপেনার জাওয়াদ আবরার ফেরেন দলীয় ১০ রানে। ৯ রানের ব্যবধানে সৌম্য সরকার এবং আফিফ হোসেন ধ্রুবও ফিরলে বড়সড় চাপে পড়ে সাউথ জোন।

১৯ রানে ৪ উইকেট হারানোর পর নুরুল হাসান সোহানকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন মোহাম্মদ মিথুন। ব্যক্তিগত ২৪ রানে নাহিদ রানার শিকার হয়ে সোহান ফিরলে ভাঙে সেই জুটি।

সাতে নামা রবিউল হককে নিয়ে আবারও জুটি বাধার চেষ্টা করেন মিথুন। ২২ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলে রবিউল ফেরেন দলীয় ১২০ রানে। এরপর আর টেইলেন্ডারদের নিয়ে বেশিদূর এগোতে পারেননি মিঠুন। নিজে ফিফটি পূর্ণ করে ৫৫ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। অন্য প্রান্তে কেউ সঙ্গ না দিতে পারায় ১৯ ওভার ১ বল বাকি থাকতেই অলআউট হয় সাউথ জোন।

নর্থ জোনের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন এস এম মেহরব এবং নাহিদ রানা। গুরুত্বপূর্ণ ৩ উইকেটের জন্য ম্যাচশেষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নাহিদ।

জবাব দিতে নেমে দলীয় ২৮ রানে হাবিবুর রহমান সোহানের উইকেট হারায় নর্থ জোন। ৯ রানের ব্যবধানে ফেরেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তও। চতুর্থ উইকেটে ৮০ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয় এবং লিটন কুমার দাস। ৩৩ রান করে দলীয় দলীয় ১১৭ রানে বিদায় নেন হৃদয়। তবে ফিফটি পূর্ণ করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান লিটন দাস। লিটন ৬৫ বলে ৫৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

সাউথ জোনের হয়ে ৫ ওভার বোলিং করে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

প্রিন্ট

আরও সংবাদ