খুলনা | শুক্রবার | ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | ১৪ ফাল্গুন ১৪৩২

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তুমুল সংঘর্ষ

খবর প্রতিবেদন |
০১:৩৩ এ.এম | ২৭ ফেব্রুয়ারী ২০২৬

 

আফগানিস্তান পাকিস্তানের সীমান্ত এলাকায় হামলা চালিয়েছে। তালেবান কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তাদের বক্তব্য, গত সপ্তাহে পাকিস্তানি বিমান হামলার জবাবে সীমান্তের পাকিস্তানি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালিয়েছে।

আফগানিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতের দিকে নাঙ্গারহার ও পাকতিয়া প্রদেশে তীব্র সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় আফগান সেনারা প্রতিহত হামলা চালায়।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক পোস্টে লিখেছেন, পাকিস্তানি সামরিক বাহিনীর বারবার উস্কানি এবং লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনাগুলো লক্ষ্য করে বৃহৎ আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে।

দুই দেশের ২,৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ডুরান্ড লাইন নামে পরিচিত। আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে এই সীমান্ত স্বীকৃতি দেয়নি। পাকিস্তান এখনো তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া জানাননি।

মুজাহিদ পরে পোস্টে জানিয়েছেন, আফগান বাহিনী ‘অসংখ্য সৈন্য’ হত্যা করেছে এবং কয়েকজনকে জীবিত ধরা হয়েছে। তিনি আরও জানান, অন্তত ১৫টি ফাঁড়ি শত্রুদের কাছ থেকে দখল করা হয়েছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন সেক্টরে তালেবানদের গুলিবর্ষণের ‘তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া’ দিয়েছে।

এর আগে রোববার পাকিস্তানের সেনাবাহিনী আফগান সীমান্তে হামলা চালিয়ে কমপক্ষে ৭০ জন যোদ্ধাকে হত্যা করার দাবি করেছিল। আফগানিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা

প্রিন্ট

আরও সংবাদ