খুলনা | শুক্রবার | ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | ১৪ ফাল্গুন ১৪৩২

ফেনীতে ঘুষের লাখ টাকাসহ হাতেনাতে আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

খবর প্রতিবেদন |
০১:৪৫ এ.এম | ২৭ ফেব্রুয়ারী ২০২৬


ফেনীর সোনাগাজী উপজেলায় এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও তাঁর এক কার্যসহকারীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিআইও কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং কার্যসহকারী আবু নাসের। 
দুদকের নোয়াখালী সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, সোনাগাজীতে পাঁচটি সেতু প্রকল্পের কাজ শেষ করে উপঠিকাদার হুমায়ুন কবির বিল দাখিল করেন। বিলের অর্থ ছাড়ের জন্য যোগাযোগ করলে তাঁর কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে বিলের অর্থ আটকে রাখা হয়। একপর্যায়ে উপ-ঠিকাদার ঘুষ দেওয়ার সম্মতি দিলে প্রথম দফায় সাড়ে পাঁচ লাখ টাকা দেন। পরে আরও এক লাখ টাকা দেওয়ার কথা ছিল।
গতকাল দুপুরে ওই এক লাখ টাকা নিয়ে তিনি পিআইও কার্যালয়ে গেলে কার্যসহকারী আবু নাসের ও পিআইও মোহাম্মদ আল সাঈদ তা গ্রহণ করেন বলে দুদক জানায়। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুদকের একটি দল তাঁদের হাতেনাতে আটক করে এবং ঘুষের এক লাখ টাকা জব্দ করে।
দুদকের নোয়াখালী সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ বলেন, ২৩ ফেব্রুয়ারি উপ-ঠিকাদার হুমায়ুন কবির দুদকে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মোহাম্মদ আল সাঈদ এর আগে বিভিন্ন প্রকল্প থেকে আরও পাঁচ লাখ টাকা ঘুষ নিয়েছেন। মোঃ ফারুক আহমেদ আরও বলেন, আটক দু’জনের বিরুদ্ধে দুদকের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

প্রিন্ট

আরও সংবাদ