খুলনা | শুক্রবার | ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | ১৪ ফাল্গুন ১৪৩২

বিজিবি যশোর রিজিয়নের পৃথক অভিযান

গত এক বছরে ৩৬৩ কোটি ৮২ লাখ টাকার পণ্য উদ্ধার, ৩৮০ জন আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১২ এ.এম | ২৭ ফেব্রুয়ারী ২০২৬


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বিগত ২০২৫ সালে যশোর রিজিয়নের (কুষ্টিয়া-সাতক্ষীরা) আওতায় বিভিন্ন সীমান্তে পরিচালিত পৃথক অভিযানে ৩৬৩ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৪০৭ টাকার চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে। এ সময় ৩৮০ জন চোরাচালানীকে আটক করা হয়। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান ওএসপি, পিএসসি।
প্রেস ব্র্রিফিংয়ে জানানো হয় বিগত ২০২৫ সালে যশোর রিজিয়নের বিজিবি সদস্যদের অভিযানে জব্দ হওয়া মালামালের মধ্যে রয়েছে, ৫৮ দশমিক ৪৯ কেজি স্বর্ণ, ৫৩ দশমিক ৬২ কেজি রৌপ্য, ২৭টি অস্ত্র ও ১৫২ রাউন্ড গুলি। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ২৮ হাজার ৩৯৩ বোতল মদ, ৩৭ দশমিক ৫৩ কেজি হেরোইন, ২ লাখ ৬৫ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৪৯ হাজার ৮৮ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৬৭৭ কেজি গাঁজা এবং ২ লাখ ৬৮ হাজার ৩২৬ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
এছাড়া চলতি ২০২৬ সালের শুরু থেকে বুধবার (২৪ ফেব্র“য়ারি) পর্যন্ত ২৮ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ৮৮০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ৫৪ জনকে। আটক চোরাচালানী পণ্যেও মধ্যে মধ্যে রয়েছে ৯৪১ গ্রাম স্বর্ণ, ১৪ দশমিক ৩৩ কেজি রৌপ্য, ১৪টি অস্ত্র, ২৬ রাউন্ড গুলি, ৩২টি এয়ারগান ও ১২ হাজার ৫২৫টি এয়ারগানের গুলি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৫৩ হাজার ৭০২ পিস ইয়াবা, ১ দশমিক ৩২ কেজি হেরোইন এবং ২৫০ গ্রাম কোকেন। বিজিবির চোরচালান বিরোধী  অভিযান অব্যাহত রয়েছে। 
এদিকে আটক মালামালের মধ্যে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ২০২৫ সালে পৃথক অভিযানে ৩৯ জনকে আটকসহ ১১০ কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৪১ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে ৩ দশমিক ১৭৫ কেজি স্বর্ণ, ২১ দশমিক ৯৬ কেজি রৌপ্য এবং ৩০ হাজার মার্কিন ডলার উল্লেখযোগ্য। একই বছরে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৮১০ বোতল মদ, ২ দশমিক ৮৫ কেজি হেরোইন, ৫ দশমিক ১৪ কেজি ক্রিস্টাল মেথ, ৯৩ কেজি গাঁজা, ৪৭ হাজার ৮৭৮ পিস ইয়াবা, ৩২ হাজার ৪১৭ পিস ভায়াগ্রা/অনাগ্রা ট্যাবলেট এবং ২ হাজার ৭৯২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
চলতি ২০২৬ সালে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ২ কোটি ৩৪ লাখ ৬ হাজার ২৩০ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে ভারতীয় চিংড়ির রেণুপোনা, ১ লাখ ২৭ হাজার ৪২০ পিস বিভিন্ন ওষুধ, ৫ কেজি বেটামেথাসন ভ্যালেরেট রাসায়নিক উপাদান, ৮৬ বোতল ভারতীয় মদ, ১৭২ বোতল ফেন্সিডিল, ১১৮ বোতল উইনকোরেক্স সিরাপ এবং ২ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট রয়েছে। এসময় ৫ জনকে আটক করা হয়।
প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮ জেলায় ১০৮টি উপজেলার ৬২টি আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। বাহিনীর দাবি, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় তারা অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করেছে। 
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান ওএসপি, পিএসসি প্রেস ব্রিফিংয়ে বলেন, সীমান্ত সুরক্ষা শুধু বাহিনীর একার দায়িত্ব নয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ছাড়া এই চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন। সীমান্ত সুরক্ষিত থাকলে দেশও সুরক্ষিত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিজিবির প্রতিটি সদস্য প্রতিশ্র“তিবদ্ধ এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র জানায়, বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থলসীমান্তের দায়িত্বে থাকা বাহিনীটি ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। এর মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। যশোর রিজিয়নের দায়িত্ব কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার এলাকা। এই অঞ্চলে কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে সাতটি ব্যাটালিয়ন কাজ করছে।

প্রিন্ট

আরও সংবাদ