খুলনা | শুক্রবার | ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | ১৪ ফাল্গুন ১৪৩২

জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন

শ্যামনগরের তিন ভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১৪ এ.এম | ২৭ ফেব্রুয়ারী ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলন করায় তিনটি ভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে ইট ভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
জানা যায়, শ্যামনগর উপজেলার রামজীবনপুর এলাকার মেসার্স আশা ব্রিকস, নাটুয়ারবেড় এলাকার মেসার্স মোস্তফা ব্রিকস ও ইসমাইলপুর এলাকার মেসার্স এবি ব্রিকস এর মালিকগণ তাদের ভাটায় ইট বানানোর জন্য পার্শ্ববর্তী জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন তামীম উল্লে¬খিত তিনটি ভাটায় পৃথকভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ৭(ক) এবং ১৫ (১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স মোস্তফা ব্রিকস ও মেসার্স আশা ব্রিকস এর মালিকের প্রত্যেককে ৪ লাখ করে মোট ৮ লাখ ও মেসার্স এবি ব্রিকস এর মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন। 
ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন তামীম এর সঙ্গে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার  সহকারি পরিচালক মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। 
এদিকে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীদের ভোগান্তির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতাল প্রাঙ্গনে পার্কিং-এর নির্ধারিত স্থানের বাইরে বেসরকারি এ্যাম্বুলেন্স পার্কিং করে জনদুভোগ সৃষ্টির জন্য ৩ জন চালককে এবং রোগীদের প্রাইভেট ক্লিনিকে মেডিকেল টেস্ট করতে যেতে বলায় এক জন দালালকে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায়  জরিমানা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ