খুলনা | রবিবার | ০১ মার্চ ২০২৬ | ১৭ ফাল্গুন ১৪৩২

কসমেটিক সার্জারির পর মারা গেলেন ব্রাজিলিয়ান কন্টেন্ট ক্রিয়েটর

খবর বিনোদন |
০৩:৩২ পি.এম | ২৭ ফেব্রুয়ারী ২০২৬


কসমেটিক সার্জারির কয়েক দিনের মধ্যে ফুসফুসে রক্ত জমাট বাধার কারণে মারা গেছেন ব্রাজিলিয়ান কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার বিয়াঙ্কা ডিয়াস।

বিয়াঙ্কা ডিয়াসের প্রিয়জনরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।

ডিয়াস সর্বশেষ ২০২৫ সালের ডিসেম্বর মাসে লন্ডনে ট্রিপের কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। সেই পোস্টগুলোই তার সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট ছিল।

ডিয়াসের বন্ধু জেফ কার্লোস ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মৃত্যু কিছুই নয়। আমাদের বন্ধন ভাঙেনি।’

কনটেন্ট ক্রিয়েটর প্যাট্রিসিয়া গানডেন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি শুধু জানি আমরা সুন্দর মুহূর্ত কাটিয়েছি, অসাধারণ আড্ডা দিয়েছি। ঈশ্বর তার পরিবারকে ভালো রাখুন।’

ডিয়াসের বন্ধু জিওভানা বার্গেস স্থানীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, ডিয়াস সম্প্রতি কসমেটিক সার্জারি করিয়েছিলেন। এরপর বাড়ি যাওয়ার পর সার্জারি থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়ায় ছিলেন। তিনি যোগ করেন, ‘ডিয়াস ফুসফুসে রক্ত জমাট বাধার সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। এ সময় তিনি মৃগী রোগীদের মতো তীব্র ঝাঁকুনি দেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

বার্গেস আরও বলেন, ‘আমি অসংখ্য বার্তার জন্য কৃতজ্ঞ, যারা সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বার্তা পাঠিয়েছেন। যদি ধর্ম নির্বিশেষে কেউ পরিবারের জন্য প্রার্থনা করতে পারেন, আমি চরমভাবে কৃতজ্ঞ থাকব।’

ডিয়াসের জন্য শোক সভা অনুষ্ঠিত হয় গত ২০ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে।

প্রিন্ট

আরও সংবাদ