খুলনা | মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬ | ১৮ ফাল্গুন ১৪৩২

তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল

শহীদ জিয়া সব সময় গ্রামবাংলার উন্নয়ন, কৃষকের কল্যাণ এবং উৎপাদনমুখী অর্থনীতির স্বপ্ন দেখতেন

রূপসা ও তেরখাদা প্রতিনিধি |
০২:০৫ এ.এম | ০৩ মার্চ ২০২৬


খুলনা-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় গ্রামবাংলার উন্নয়ন, কৃষকের কল্যাণ এবং উৎপাদনমুখী অর্থনীতির স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন অবহেলিত থাকার কারণে এলাকার বহু খাল ভরাট হয়ে গেছে, ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি পরিবর্তনে পরিকল্পিতভাবে খাল পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষি জমিতে সঠিক সময়ে পানি পৌঁছায় এবং অতিরিক্ত পানি দ্রুত নেমে যেতে পারে।
তিনি বলেন, খাল খনন শুধু পানি প্রবাহ সচল করার জন্য নয় এটি এলাকার কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খালগুলো সচল হলে সেচ ব্যবস্থা উন্নত হবে, ফসলের উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে। পাশাপাশি এসব খালে মাছের পোনা অবমুক্ত করা হবে, যাতে মৎস্যসম্পদ বৃদ্ধি পায় এবং গ্রামীণ মানুষের আয় বাড়ে। 
তিনি গতকাল সোমবার দুপুরে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সেচ প্রকল্প উন্নয়নের আওতায় তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে বাঘাশিয়া খালের (২.৫০ কিঃ মিঃ) পুনঃ খননের উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার এবি এম সারোয়ার  রাব্বির সভাপতিত্বে সমাবেশে তিনি আরও বলেন, কৃষকদের মাঝে মানসম্মত ধানের বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও দলীয় প্রভাবমুক্তভাবে, যাতে প্রকৃত কৃষকরাই এর সুফল পান। উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয় মানুষের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন। তাই রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুরো এলাকা আধুনিক ও বাসযোগ্য করে তোলা হবে। 
তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণকে একযোগে কাজ করার আহŸান জানিয়ে বলেন, সবাই একসাথে কাজ করলে খুব দ্রুত এই অঞ্চলকে একটি মডেল উন্নয়ন অঞ্চলে পরিণত করা সম্ভব। শেষে তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রকৌশলী ও শ্রমিকদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহŸান জানিয়ে বলেন, এই খাল খনন প্রকল্প যেন দ্রুত, সঠিক মান বজায় রেখে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করে বাস্তবায়িত হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, বিএডিসির কর্মকর্তা মোঃ জামাল ফারুক, জেলা কৃষি কর্মকর্তা দীপঙ্কর বালা, তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, তেরখাদা উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, বিএনপি নেতা রবিউল হোসেন, মান্নান সরদার, হাবিবুর রহমান ফকির, সাজ্জাদ হোসেন নান্টা, মধুপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সাইফুল মোড়ল প্রমুখ।
এরপর তিনি দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতি খাল খননের ও সেনহাটি ইউনিয়নের মমিনপুর খাল খননের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি খাল খনন কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্নের নির্দেশনা দেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, বাঘাশিয়া খাল পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
 

প্রিন্ট

আরও সংবাদ