খুলনা | বৃহস্পতিবার | ০৫ মার্চ ২০২৬ | ২০ ফাল্গুন ১৪৩২

শোকজের পর হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

খবর প্রতিবেদন |
১১:৩৬ পি.এম | ০৪ মার্চ ২০২৬

 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনি শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি তানভীর বারী হামিমকে শোকজ করে কেন্দ্রীয় ছাত্রদল।

শোকজের পর ভিডিও বার্তা দেন হামিম। সেখানে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

হামিম বলেন, তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হলেও তিনি তা দেবেন না। তার দাবি, শোকজপত্র তাকে ব্যক্তিগতভাবে দেওয়া হয়নি, বরং সামাজিকমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, নিশ্চয়ই আমি এমন কোনো বড় অন্যায় করিনি যে আমাকে ব্যক্তিগতভাবে শোকজ পাঠানো যাবে না। সামাজিক মাধ্যমে শোকজ দেওয়ার কারণে সারাদেশ থেকে মানুষ ফোন করে জানতে চাইছে, আমি কী অপরাধ করেছি।

শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পরিচিত মুখ। তিনি সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ