খুলনা | শুক্রবার | ০৬ মার্চ ২০২৬ | ২১ ফাল্গুন ১৪৩২

সংঘাতে ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত : লারিজানি

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ১২৩০

খবর প্রতিবেদন |
১০:৪৬ পি.এম | ০৫ মার্চ ২০২৬


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলো যৌথ হামলায় ইরানের নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৩০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটি সরকার পরিচালিত শহীদ ও প্রবীণ বিষয়ক ফাউন্ডেশন। নিহতদের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব শহরে মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রীও রয়েছে। তাদের অধিকাংশই ৭ থেকে ১২ বছর বয়সী মেয়ে শিশু।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানায় প্রকাশিত এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানিয়েছে, ‘শনিবার থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ (০৫ মার্চ) পর্যন্ত অপরাধী যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি সরকারের আক্রমণাত্মক সামরিক আক্রমণে নিহতের সংখ্যা ১ হাজার ২৩০ জনে পৌঁছেছে।’
এরআগে বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি অবিরত হামলায় কমপক্ষে ৬ হাজার ১৮৬ জন ইরানি আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে আরও বলেছেন, বর্তমানে ২ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৩ হাজার ৫৪৫ জন চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি ফিরেছেন। এছাড়াও ৫৫২ জন ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা সেবা পেয়েছেন।
প্রসঙ্গত, এর আগে শনিবার সকাল থেকে যৌথভাবে তেহরানসহ ইরানের ৬ শহরে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। 
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ১১ জন নিহত হয়েছেন, যার মধ্যে গত শনিবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ শহরেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ৯ জন।
অন্যদিকে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত ও ১৮ হান আহত হয়েছেন। এছাড়া পৃথক হামলায় দুই কুয়েতি সেনাসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩৫ জন। 
আমিরাত সরকারের দেওয়া তথ্যমতে, ইরানি হামলার ফলে দেশটি এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালের নাগরিক। আরও ৭৮ জন আহত হয়েছেন। 
এছাড়াও ওমান উপকূলের কাছে একটি ট্যাংকারে হামলায় একজন নিহত এবং বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন।
সংঘাতে ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত : ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি দাবি করেছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫০০-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছেন।
বুধবার (৪ মার্চ) সামাজিক মাধ্যমে বুধবার দেওয়া পোস্টে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ভাঁড়ামিপূর্ণ আচরণে’ প্রভাবিত হয়ে জনগণকে ইরানের বিরুদ্ধে অন্যায় যুদ্ধে জড়িয়ে দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘মাত্র কয়েক দিনের মধ্যেই ৫০০-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এখন ট্রাম্পকে হিসাব করতে হবে,যুক্তরাষ্ট্র কি এখনও সবার আগে, নাকি ইসরাইল?’
তবে পেন্টাগণের তথ্য অনুযায়ী, নিহত মার্কিন সেনার সংখ্যা মাত্র ছয়জন, যার মধ্যে চারজন কুয়েতে নিহত হয়েছেন।
বর্তমানে লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান। এর আগে তিনি আয়াতুল­াহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শনিবার (২৮ ফেব্র“য়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হওয়ার খবর এসেছে। সরকারি হিসাবে, চার দিনের লড়াইয়ে প্রায় ১ হাজার ৫০ জন ইরানি নিহত হয়েছেন।
লারিজানি এক সংক্ষিপ্ত বার্তায় সতর্ক করে বলেন, ‘গল্প এখানেই শেষ নয়।’ তিনি আরও বলেন, ‘ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে, ইনশাআল­াহ।’

প্রিন্ট

আরও সংবাদ