খুলনা | শুক্রবার | ০৬ মার্চ ২০২৬ | ২১ ফাল্গুন ১৪৩২

শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ বিসর্জনকারী মাইলস্টোন শিক্ষক মাহেরীন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

খবর প্রতিবেদন |
০১:৪৪ এ.এম | ০৬ মার্চ ২০২৬


সমাজসেবা/জনসেবায় ক্যাটাগরিতে মাহেরীন চোধুরীকে এ পুরস্কার দেয়া হচ্ছে। একই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ডা. জাফরুল­াহ্ চৌধুরী (মরণোত্তর) ও মোঃ সাইদুল হক।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) পাচ্ছেন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চোধুরী। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, সমাজসেবা/জনসেবায় ক্যাটাগরিতে মাহেরীন চোধুরীকে এ পুরস্কার দেয়া হচ্ছে। একই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ডাঃ জাফরুল­াহ্ চৌধুরী (মরণোত্তর) ও মোঃ সাইদুল হক।
গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের স্কুল ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। এ ঘটনায় মোট ৩৬ জন নিহত হন। যাদের বেশির ভাগই ছিল শিক্ষার্থী।
বিমান আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন। সে সময় মাহেরীন চৌধুরী শিশুশিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করেন। একপর্যায়ে তিনি নিজে অগ্নিদগ্ধ হন। পরবর্তীতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। তার আত্মত্যাগকে সম্মান জানাতে স্বাধীনতা পুরস্কারের (মরণোত্তর) জন্য তাকে মনোনীত করা হয়েছে।
প্রায় ১৭ বছর ধরে তিনি মাইলস্টোন স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। মারা যাওয়ার আগে তিনি হায়দার আলী ভবনের (বিমান বিধ্বস্ত হওয়া ভবন) বাংলা মাধ্যমের দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন।
মাহেরীন চৌধুরীর বাবার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। তার বাবা মহিতুর রহমান জিয়াউর রহমানের খালাতো ভাই। দাদি রওশানারা চৌধুরী ছিলেন জিয়াউর রহমানের খালা।

প্রিন্ট

আরও সংবাদ