খুলনা | শনিবার | ০৭ মার্চ ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২

তেরখাদা উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিলে হেলাল

এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

রূপসা প্রতিনিধি |
০১:৫৬ এ.এম | ০৭ মার্চ ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, তেরখাদা উপজেলার উন্নয়ন করতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ইফতারের আগ মুহূর্তে আমরা তেরখাদা উপজেলার মানুষ এখানে একসাথে বসেছি। তেরখাদার মানুষ শুধু ঢাকাতেই নয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ  স্থানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।  দেশের কল্যাণে তথা খুলনা অঞ্চলের উন্নয়নের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তেরখাদার উন্নয়নের স্বার্থে সকল মতকে এক পথে রাখতে হবে।
নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী সময়ে তেরখাদায় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি যে যার রাজনীতি করবে। কিন্তু তেরখাদার উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক থাকবো। এ বিষয়ে আমার সহযোগিতা চাইলে আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন তেরখাদার মানুষকে ঐক্যবদ্ধ রাখেন।
তিনি  গতকাল শুক্রবার রাজধানীর এলজিআরডি অডিটোরিয়ামে তেরখাদা উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রফেসর এস এম আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক শেখ সেলিম। সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন কে এম আলী নেওয়াজ।
সভায় সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এস এম নেওয়াজ আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা লিয়াকত আলী, শিকদার বদিরুজ্জামান, শেখ ফরিদ, লেঃ কর্নেল ফেরদাউস উর রহমান, তরফদার সোহেল রহমান, তরফদার আবুল কাশেম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, দপ্তর সম্পাদক  রেজাউল ইসলাম রেজা, জাকির তালুকদারসহ তেরখাদার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রিন্ট

আরও সংবাদ