খুলনা | সোমবার | ০৯ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

সামেক হাসপাতালের ১৬ ডায়ালাইসিস মেশিন ৯মাস ধরে নষ্ট, চরম স্বাস্থ্য ঝুঁকিতে জেলার ৫ শতাধিক কিডনি রোগী

রুহুল কুদ্দুস, সাতক্ষীরা |
১২:০২ এ.এম | ০৯ মার্চ ২০২৬


সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের ১৯টি কিডনি ডায়ালাইসিস মেশিনের মধ্যে ১৬টি গত ৯ মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে কাক্সিক্ষত সেবা পাচ্ছে না চিকিৎসা নিতে আসা রোগীরা। দীর্ঘদিন ধরে ডায়ালাইসিস মেশিন নষ্ট থাকায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন জেলার ৫ শতাধিক কিডনি রোগী। বার বার তাগিদ দিয়েও নতুন মেশিন বরাদ্দ পাওয়া যাচ্ছে না বলেন জানিয়েছে সামেক হাসপাতাল কর্তৃপক্ষ। 
খোঁজ নিয়ে জানা যায়, সাতক্ষীরা জেলার একমাত্র সরকারি খরচে কিডনি ডায়ালাইসিস করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। ২০১৫ সাল থেকে কিডনি রোগীরা খুব কম খরচে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিডনি ডায়ালাইসিস করেন। এখানে মাত্র ৪০০ টাকা দিয়ে কিডনি ডায়ালাইসিস করাতে পারেন রোগীরা। যা বেসরকারিভাবে করলে কমপক্ষে ৫ হাজার টাকা ব্যয় হয়। কিন্তু গত ৯ মাস যাবৎ সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ টি কিডনি ডায়ালাইসিস মেশিন নষ্ট হয়ে আছে। যে ৩টা সচল রয়েছে তাতে সিরিয়াল পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন কিডনি রোগিরা। এতে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দূর-দুরান্ত থেকে আসা কিডনি রোগীরা ডায়ালাইসিস করতে না ফিরে যাচ্ছেন। 
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন স্টাফ জানান, শুরু থেকেই সামেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস মেশিন অপারেট করার মত দক্ষ কোন লোক ছিল না। যে কারণে কর্তৃপক্ষের অবহেলা ও সঠিক পরিচর্যার অভাবে আস্তে আস্তে একটি একটি করে মেশিন নষ্ট হতে থাকে। ফলে ক্রমশঃ চাপ বাড়তে থাকে বাকি মেশিনগুলোর উপর। নষ্ট মেশিনগুলো সময়মত মেরামত না করায় বর্তমানে হাসপাতালে মাত্র তিনটি মেশিন চালু আছে। যা দিয়ে তালিকাভুক্ত প্রায় শতাধিক কিডনি রোগীর ডায়ালাইসিস সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
সাতক্ষীরার আশশুনি উপজেলার নয়াখালী গ্রামের সাইফুল­াহ জানান, গত চারদিন আগে তার বৃদ্ধা মা সালেহা খাতুনকে (৬৫) এর কিডনি ডায়ালাইসিস করার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এখানে এসে জানতে পারেন অধিকাংশ ডায়ালাইসিস মেশিন নষ্ট। যে কয়টা সচল আছে তাতে সিরিয়াল পেতে এক থেকে দেড় মাস লাগবে। উপায় না পেয়ে সিরিয়ালের অপেক্ষায় মাকে বর্তমানে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন। কিন্তু হাসপাতালের আইসিইউ থেকে বার বার তাকে তাগিদ দেয়া হচ্ছে রোগীকে খুলনা বা অন্য কোথাও নিয়ে ডায়ালাইসিস করার জন্য। কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় অসুস্থ্য মাকে তিনি অন্য কোথাও নিতে পারছেন না বলে জানান। 
শুধু সাইফুল­াহ’র মা সালেহা খাতুন নয় প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য কিডনি রোগীরা ফিরে যাচ্ছেন ডায়ালাইসিস বা চিকিৎসা সেবা করতে না পেরে।
সামেক হাসপাতালের নেফ্রোলজী বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ সিদ্ধার্থ বাওয়ালী জানান, এই জেলায় ৫ শতাধিক কিডনি রোগী রয়েছে। গড়ে প্রতিদিন প্রায় ১০০ মত রোগী হাসপাতালে আসেন ডায়ালাইসিস সেবা নেওয়ার জন্য। কিন্তু জরুরি ডায়ালাইসিস লাগবে এমন অল্প কিছু সংখ্যক রোগীকে সেবা দেওয়া সম্ভব হয়। ফলে রোগীর চাপের কারণে প্রতিদিন আমাদের হিমশিম খেতে হচ্ছে। 
তিনি বলেন, হাসপাতালের এই ইউনিটের ১৯টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে মাত্র ৩টি মেশিন সচল আছে। বাকিগুলো সব বিকল হয়ে পড়ে রয়েছে। এগুলো আর মেরামত করা যাবে না। এই তিনটি মেশিন দিয়ে গত ফেব্র“য়ারি মাসে মোট ২২৭ জন কিডনি রোগীর ডায়ালাইসিস সেবা দেওয়া হয়েছে। 
সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ কুদরত-ই খোদা ১৬টি ডায়ালাইসিস মেশিন নষ্ট থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জাপান ও জার্মান থেকে আমদানি করা ১৯ টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হয়। ২০২৪ সালের ২৩ জুলাই আমি যোগদান করার পর মাত্র ২টা ডায়ালাইসিস মেশিন ভাল পেয়েছিলাম। পরে আরো ১২ টা মেশিন ঠিক করেছিলাম। কিন্তু ২০২৪ সালের জুন মাস থেকে ২০২৫ সালের জুন এসে দেখা গেছে, মোট ১৬টি মেশিন খারাপ হয়ে গেছে। বাইরে থেকে ইঞ্জিনিয়ার এনে মেশিন গুলো দেখিয়েছি। কিন্তু এগুলো আর ঠিক করা যাবে না, নতুন মেশিন লাগবে। সেই থেকে নতুন ৬টা মেশিনের জন্য চাহিদা পাঠিয়ে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন সেকশনে একাধিকবার কথা বলেছি কিন্তু কোন কাজ হয়নি। যে কারণে মাত্র তিনটা মেশিন দিয়ে কোন রকমে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। এতে করে রোগীরা সময়মত ডায়ালাইসিস করতে পারছেন না। ফলে প্রতিদিন রোগীর চাপ সামলাতে ডায়ালাইসিস ইউনিটে দায়িত্বে থাকা হাসপাতালের স্টাফদের হিমশিম থেকে হচ্ছে।  

প্রিন্ট

আরও সংবাদ