খুলনা | সোমবার | ০৯ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

নারী বিপিএল: চূড়ান্ত দুই দল, বাড়ছে ভেন্যু

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪৫ এ.এম | ০৯ মার্চ ২০২৬


দেশের ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘নারী বিপিএল’। আগামী ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে মাঠের এই লড়াই।
টুর্নামেন্টটি ঘিরে নতুন খবর হলো—আগে দু’টি ভেন্যুর কথা থাকলেও এখন নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে বগুড়া। প্রাথমিকভাবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হওয়ার কথা ছিল। তবে বিসিবির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামেও এখন বিপিএলের চার-ছক্কা দেখা যাবে।
জানা গেছে, টুর্নামেন্টের উদ্বোধন ও প্রথম ম্যাচটিও বগুড়াতেই অনুষ্ঠিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমান এই টুর্নামেন্টের উদ্বোধন করতে পারেন।
আসন্ন বিপিএলে মোট তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। আগামী ১৪ মার্চ রাজধানীর একটি হোটেলে এই টুর্নামেন্টের  ‘প্লেয়ার্স ড্রাফট’ অনুষ্ঠিত হবে। জাতীয় দলের তিন তারকা নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারিকে তিন দলের আইকন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
আইকন ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। তারাই নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন।
ইতোমধ্যে তিনটি দলের মধ্যে দু’টি দলের নাম চূড়ান্ত হয়েছে। দল দুটি হলো— রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। বাকি একটি ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে বেশ এগিয়ে আছে বিপিএলের পরিচিত নাম রংপুর রাইডার্স।

প্রিন্ট

আরও সংবাদ