খুলনা | সোমবার | ০৯ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

লেবাননে হামলায় ‘সাদা ফসফরাস’ ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

খবর প্রতিবেদন |
০২:২১ পি.এম | ০৯ মার্চ ২০২৬

 

লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েল সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্কভিত্তিক সংস্থাটি জানায়, দক্ষিণ লেবাননের ইয়োহমোর এলাকায় আবাসিক এলাকায় নিক্ষিপ্ত সাদা ফসফরাসের গোলার সাতটি ছবির সত্যতা তারা নিশ্চিত করেছে। ৩ মার্চ ওই এলাকায় অন্তত দুটি বাড়িতে আগুন লাগার ঘটনাও দেখা গেছে। খবর আল জাজিরার।

এইচআরডব্লিউর লেবানন বিষয়ক গবেষক রামজি কাইস বলেন, ‘আবাসিক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সাদা ফসফরাসের অবৈধ ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক এবং এটি বেসামরিক মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’

তিনি আরো বলেন, ‘সাদা ফসফরাসের দাহ্য প্রভাব মানুষের মৃত্যু ঘটাতে পারে অথবা এমন গুরুতর আঘাত করতে পারে, যা সারাজীবনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।’

প্রতিবেদনে বলা হয়, জনবসতিপূর্ণ এলাকায় আকাশে বিস্ফোরিত (এয়ারবার্স্ট) সাদা ফসফরাস ব্যবহার স্বভাবতই নির্বিচারে ক্ষতি করে এবং বেসামরিক মানুষের ক্ষতি এড়াতে আন্তর্জাতিক মানবিক আইনে যে সতর্কতার কথা বলা হয়েছে, তা মানা হয়নি। এই রাসায়নিক পদার্থটি অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং ঘরবাড়ি, কৃষিজমি ও অন্যান্য বেসামরিক স্থাপনায় আগুন ধরিয়ে দিতে পারে।

এইচআরডব্লিউর তদন্তে দেখা গেছে, ইয়োহমোর এলাকায় বেসামরিক মানুষের উপস্থিতির মধ্যেই এসব গোলা ব্যবহার করা হয়েছে, যার ফলে বাড়িঘরসহ বেসামরিক সম্পত্তিতে আগুন লাগে।

সংস্থাটি ৩ মার্চ সকালে লেবাননের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিও যাচাই ও ভূ-অবস্থান নির্ধারণ করেছে। ছবিতে দেখা যায়, আবাসিক এলাকায় অন্তত দুটি আর্টিলারি থেকে নিক্ষিপ্ত সাদা ফসফরাসের গোলা আকাশে বিস্ফোরিত হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়ার আকৃতি এম৮২৫ সিরিজের ১৫৫ মিমি আর্টিলারি প্রজেক্টাইল থেকে সাদা ফসফরাস ছড়িয়ে পড়ার সময় তৈরি হওয়া ধোঁয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এছাড়া ইসলামিক হেলথ কমিটির সিভিল ডিফেন্স দলের ফেসবুকে প্রকাশিত কিছু ছবিও যাচাই করা হয়েছে। সেখানে দেখা যায়, কর্মীরা আবাসিক ভবনের ছাদ এবং একটি গাড়িতে লাগা আগুন নেভানোর চেষ্টা করছেন।

এইচআরডব্লিউর মতে, আকাশে বিস্ফোরিত গোলার কাছাকাছি এলাকায় আগুন লাগার ঘটনাগুলো সম্ভবত সাদা ফসফরাসে ভেজানো ফেল্টের টুকরো পড়ে যাওয়ার কারণে ঘটেছে।

রামজি কাইস বলেন, ইসরায়েলকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে-বিশেষ করে সাদা ফসফরাস গোলা-তাদেরও সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি স্থগিত করে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা উচিত।

লেবাননে ইসরায়েলের জারি করা জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশের ফলে ইতোমধ্যে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার ইসরায়েল বৈরুতের দক্ষিণ উপশহরে একাধিক বিমান হামলা চালিয়েছে।

প্রতিবেদনটি প্রকাশের কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা লেবাননের রাজধানীতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

লেবাননে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৯৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ