খুলনা | সোমবার | ০৯ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

মিরপুরের পিচ দেখে খুশি সিমন্স, সন্তুষ্ট পাকিস্তান কোচও

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৩১ পি.এম | ০৯ মার্চ ২০২৬


মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের পিচ নিয়ে বরাবরই অনেক অভিযোগ। এখানকার স্লো এবং স্পিনিং উইকেট নিয়ে শুধু বাইরের দলগুলোই নয়, খোদ বাংলাদেশের ক্রিকেটাররাও ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সময়। এই উইকেটের মান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও অনেক আলোচনা দেখা গেছে। তবে এবার পাকিস্তান সিরিজ শুরুর আগে মিরপুরের উইকেট নিয়ে আশাবাদ জানিয়েছেন বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দলের কোচ।

বুধবার (১১ মার্চ) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুরে। সে কারণে এই সিরিজের আগে আলোচনায় মিরপুরের পিচ। আজ (৯ মার্চ) মিরপুরে অনুশীলনে এসে দুই দলের অধিনায়ক এবং কোচ পিচ দেখেছেন। তবে সংবাদ সম্মেলনে এবার সমালোচনার চেয়ে আশাবাদই বেশি ঝরেছে দুই দলের কোচের কণ্ঠে।

সিরিজ নিয়ে প্রত্যাশার প্রশ্নে, গণমাধ্যমকর্মীদের সালাম দিয়ে সংবাদ সম্মেলন শুরুর পর বাংলাদেশের কোচ ফিল সিমন্স বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা খুব ভালোভাবে শেষ করেছিলাম। সেখান থেকে আর পেছনে ফিরতে চাই না। মনে রাখবেন, সেই সিরিজের তুলনায় এবারের উইকেটগুলো বেশ ভালো মনে হচ্ছে। তাই আমাদের মূল লক্ষ্য হলো উন্নতি করা এবং পরবর্তী ধাপে যাওয়া; অর্থাৎ গত ম্যাচে আমরা যেভাবে ব্যাটিং করেছি সেই ধারা বজায় রাখা। তবে কিছু জায়গায় আমাদের এখনও উন্নতির সুযোগ আছে, বিশেষ করে মিডল ওভারগুলোতে আমরা খুব একটা ভালো করতে পারিনি। আর বোলিংয়ের ক্ষেত্রেও আমাদের মিডল ওভারগুলোতে উইকেট নিতে হবে। এই দুটি বিষয়ের উপর অনেক বেশি জোর দেব।

উইকেট প্রসঙ্গে উচ্চাশা প্রকাশ করে সিমন্স বলেন, এখন উইকেটগুলো আগের চেয়ে ভালো মনে হচ্ছে। বিপিএলের শেষ অংশ দেখেছি, এমনকি দুদিন আগের ম্যাচটাও দেখেছি। উইকেট বেশ ভালো ছিল। ক্রিকেটার হিসেবে আমরা সবসময় ভালো উইকেটে খেলতে চাই যাতে নিজেদের দক্ষতা যাচাই করা যায়। আমার মনে হয় উইকেট আগের চেয়ে অনেক ভালো হবে। দেখা যাক কী হয়।

মিরপুরে শেষবার সিরিজ খেলতে এসে উইকেট নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন পাকিস্তান কোচ মাইক হেসন। এমন উইকেটে খেলা কোনো কাজে আসবে না বলেও সেবার মন্তব্য করেছিলেন পাক কোচ। কিন্তু এবার সেই উইকেট নিয়ে প্রশংসা ঝরল হেসনের কণ্ঠে।

তিনি বলেন, অনেক ভালো পিচ মনে হচ্ছে এবং আউটফিল্ডও ভালো। দুর্ভাগ্যবশত এখানকার পিচ অনেকদিন ধরে ভালো ছিল না। কিন্তু বিপিএলে দেখেছি পিচগুলো অনেক ভালো ছিল। এখন অনেক বেশি ঘাস আছে, ব্যাট-বলের মধ্যে সত্যিকারের লড়াই হবে। আমি মনে করি দুই দলই এতে লাভবান হবে। দুই দলই ভালো ক্রিকেট উইকেটে খেলতে চায় এবং চ্যালেঞ্জ পেতে চায়।

বাংলাদেশকে নিজেদের কন্ডিশনে সম্মান করলেও পিচ ভালো হওয়ায় এবার দুই দলের জন্য চ্যালেঞ্জটা সমানে-সমান হতে যাচ্ছে বলে মনে করেন হেসন। তিনি বলেন, আমরা বাংলাদেশকে তাদের নিজস্ব কন্ডিশনে বিশেষভাবে সম্মান করি। তবে যেমনটা বললাম, এখনকার কন্ডিশন গত টি-টোয়েন্টি সিরিজের তুলনায় অনেক ভিন্ন। সেখানে বাউন্স অসমান ছিল, মাঠও খুব গড়পড়তা ধরনের ছিল। এখন অনেক ভালো দেখাচ্ছে। দুই দলই ব্যাট ও বল হাতে সমানে-সমান চ্যালেঞ্জের মুখোমুখি হবে। বাংলাদেশ সম্প্রতি অনেক বেশি ৫০ ওভারের ক্রিকেট খেলছে। তাই আমাদের দ্রুত এই ফরম্যাটে মানিয়ে নিতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ