খুলনা | মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

জুলাই গণ-অভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি : খুলনায় নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক |
১১:২৩ পি.এম | ০৯ মার্চ ২০২৬

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি। এই বৈধতা প্রতিষ্ঠিত হয়েছে জুলাই সনদ আদেশের মাধ্যমে। কোনো নির্বাচিত সরকার যেন এই বাস্তবতাকে উপেক্ষা না করে।’

সোমবার (৯ মার্চ) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘যদি জাতীয় সংসদে আবারও পুরনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার কার্যক্রম থেকে সরে দাঁড়ায় বা শপথ গ্রহণের প্রশ্ন এড়িয়ে যায়, তাহলে দেশে শুধু রাজনৈতিক সংকটই তৈরি হবে না, জুলাই গণ-অভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এমন কোনো পদক্ষেপ জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া হাজারো মানুষের আত্মত্যাগ ও রক্তের সঙ্গে সরাসরি বেঈমানির শামিল হবে।’

তিনি আরো বলেন, ‘আজকের এই ইফতার মাহফিলে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়ে ঐক্যের বার্তা দিয়েছে, ঠিক একইভাবে সংসদেও ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ আদেশ কার্যকর করেই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে।’

ইফতার মাহফিলে নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, আপনারা অধির আগ্রহে ছিলেন শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য কিন্তু আমরা হতভাগা আপনাদের হাতে খুলনায় শাপলা কলি তুলে দিতে পারিনি। তবে স্থানীয় নির্বাচনে ভবিষ্যতে আমরা প্রত্যেকটি জায়াগায় প্রার্থী দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, আমরা খুলনা বাসীর পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাচ্ছি শেখ হাসিনা কুসুম কুসুম প্রেম করে ভারতে সাথে যে পাওয়ার প্লান্ট বসিয়ে দিয়েছিল এ পাওয়ার প্লান্ট বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক।

প্রিন্ট

আরও সংবাদ