খুলনা | মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২

রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলায় ফাঁসানোর দাবি : বাসে আগুন ও পাম্প ভাঙচুর অভিযোগে মামলা

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ প্রতিনিধি |
০২:২৫ এ.এম | ১০ মার্চ ২০২৬


ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফারদিন আহম্মেদ নিরব হত্যার প্রতিবাদে বাসে অগ্নিসংযোগ ও ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনায় জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাত নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় দায়ের করা পৃথক দু’টি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা সবাই ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন। তবে গ্রেফতার ছাত্র নেতাদের দাবি হত্যাকান্ড ধামাচাপা দিতে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল জানান, শহরের ব্যাপারীপাড়া ও পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। স¤প্রতি একটি পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের জেরে তিনটি বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্প ভাঙচুরের ঘটনা ঘটে। পাম্পে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, ক্ষতিগ্রস্ত বাস মালিক ও তেল পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আলদা দু’টি মামলা করা হয়েছিল। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজসহ অন্য তথ্যের ভিত্তিতে তদন্ত শেষে অভিযুক্তদের গ্রেফতার করেছে।
এর আগে গত ৭ মার্চ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের পিটুনিতে নিরব নামের এক যুবক নিহত হয়। নিহত যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য ছিলেন। হত্যাকান্ডের পর গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় সদর থানায় দু’টি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তাদের গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ গোয়েন্দা সংস্থার ওসি সাব্বির আহমেদ জানান, আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম-আহবায়ক তাশদীদ হাসান, যুগ্ম-আহবায়ক এজাজ হোসেন অন্তর, ‘দ্য রেড জুলাই’-এর আহবায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির ও রাসেল হুসাইন।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে নেওয়ার পথে প্রিজন ভ্যানে ওঠার সময় গ্রেফতার ছাত্র নেতারা গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। এসময় তারা জানান, ডিবি কার্যালয়ে আটকে রেখে তাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। একই সঙ্গে বাসে অগ্নিসংযোগের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান বিরোধী রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও জোর দাবি করেন সংগঠনটির যুগ্ম-আহবায়ক এজাজ আহমেদ অন্তর।
প্রিজন ভ্যানে ওঠার সময় তিনি বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্লিজ আপনার সত্যটা তুলে ধরুন। সত্যটা প্রকাশ করুন। এই দেশে রাজনীতির চেয়ে খারাপ আর কিছু নেই। কতিপয় রাজনৈতিক দলের নেতারা ষড়যন্ত্র করে আমাদের ফাঁসিয়ে দিচ্ছে। নিরব হত্যার ঘটনা ধামাচাপা দিতে ষড়যন্ত্র শুরু হয়েছে।
কেন্দ্রীয় যুব শক্তির সদস্য তাশদীদ হাসান প্রিজন ভ্যান থেকে নেমে আদালতে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, তাজ ফিলিং স্টেশনের কর্মীরা আমাদের জুলাই যোদ্ধা ফারদিন নিরবকে হত্যা করেছে। হত্যাকান্ড ধামাচাপা দিতে ষড়যন্ত্র শুরু করেছে তাজ পাম্পের মালিক হারুণ অর রশিদ। হারুন অর রশিদ জেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। সৃজনী এনজিও সংস্থার মালিক হারুন টাকার বিনিময়ে পুলিশ কিনে নিয়েছে।
এসময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আশিকুর রহমান জীবন প্রিজন ভ্যানের দরজায় দাঁড়িয়ে বলেন, অগ্নিসংযোগ বা ভাঙচুরের সঙ্গে আমি জড়িত না। সিসিটিভি ফুটেজ পাবলিকলি প্রকাশ করুক পুলিশ। পুলিশ তো বিক্রি হয়ে গেছে। পুলিশ কেন সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না? প্লিজ, সাংবাদিক ভাইয়েরা, আপনারা সত্যটা তুলে ধরুন।
জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে প্রিজন ভ্যানে ওঠার সময় আটক আসামিরা নানা অভিযোগ করেন। তারা বলেন, আটকের পরে পুলিশ সদস্যরা ‘জুলাই যোদ্ধা’ হওয়ার কারণে আসামিদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। পুলিশ শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা ও নির্যাতন করেছে।
এর আগে সোমবার রাত ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসব বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, আমরা আপনাদের প্রেসনোট দেবো। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ আসামিদের গ্রেফতার করেছে। তথ্যপ্রযুক্তি ও সিসি টিভি ফুটেজ যাচাই করেই তাদের আটক করা হয়েছে। পুলিশ যা প্রমাণ করতে চায়, তা আদালতে উপস্থাপনের মাধ্যমে করা হবে। আপাতত আমরা গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে চাইছি না।
এদিকে বৈষম্যবিরোধী নেতাকর্মীদের আটকের বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেস নোট দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল স্বাক্ষরিত প্রেস নোটে জানানো হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালাচ্ছে। যে কারণে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফারদিন আহমেদ নিরব ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তাজ ফিলিং স্টেশনে তেল নিতে যায়। এসময় ওই পাম্পের কর্মচারীদের সঙ্গে তর্ক-বিতর্কের জেরে ফিলিং স্টেশনের কর্মীরা তাকে মারধর করে। পরে আহত হয়ে ফারদিন আহমেদ নিরব মেসে চলে যান এবং পরে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। ওই ঘটনার জেরে শনিবার রাতেই তিনজনকে আটক করে পুলিশ।
প্রেস নোটে আরও বলা হয়েছে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাজ ফিলিং স্টেশনের মালিকের মালিকানাধীন আরাপপুর সৃজনী ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ ছাড়া রাত সোয়া তিনটার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এ ঘটনায় রোববার বাসে অগ্নিসংযোগের ঘটনায় মোঃ সাইফ নোমান ও ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনায় শামসুল কবির মিলন বাদি হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন। এসব মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
 

প্রিন্ট

আরও সংবাদ