খুলনা | বুধবার | ১১ মার্চ ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২

জুলাই সংস্কার পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ডেপুটি স্পিকার নেবে না জামায়াত

খবর প্রতিবেদন |
০৪:৫২ পি.এম | ১১ মার্চ ২০২৬

 

জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন ছাড়া বিরোধী দল ডেপুটি স্পিকার নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, তারা (বিএনপি) আমাদেরকে আনঅফিশিয়ালি প্রস্তাব দিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমরা চাই জুলাই সনদের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হোক। আমরা আংশিক কোনো বিষয় মানতে চাচ্ছি না।

বিরোধী দলীয় নেতা বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চাই দেশ ও জাতির কল্যাণে। প্রথমে ভুল করলে ভুল ধরিয়ে দেব, তা না হলে প্রতিবাদ করব। তা না হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে যাব। সংখ্যাগরিষ্ঠতার কারণে যেকোনো বিষয়ে সরকারি দল সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু সেটা আলাপ আলোচনার মাধ্যমে হতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, একটি গণভোট, আরেকটি সংসদ নির্বাচন। দেশের স্বার্থে দুটোই মেনে নিয়েছি। একটা থেকে আরেকটা আলাদা করার সুযোগ সেই। সংস্কার পরিষদে শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল শপথ নেয়নি। ২৪ থাকলে ২৬ থাকবে, নইলে থাকবে না। আশা করব তারা দ্রুত শপথ নেবে। ৬৯% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে।

জামায়াত আমির বলেন, যে চারটি ইস্যুতে গণভোটে রায় দিয়েছে, সেটি বাস্তবায়ন হোক সেটা চাই। এ লড়াই সংসদ ও রাজপথে একসাথে চলবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। কোনো বিষয় নিয়ে আদালতে যাওয়া ঠিক হবে না। বিরোধী দলকে পর্যাপ্ত কথা বলার সুযোগ দেবেন আশা করি।

প্রিন্ট

আরও সংবাদ