খুলনা | বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি: আইনমন্ত্রী

খবর প্রতিবেদন |
১১:১৩ পি.এম | ১১ মার্চ ২০২৬


আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুম) প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি।

আজ রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএমল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশে মানবাধিকার ইনডেক্সে আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। আমরা এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুম) প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি।

আইনমন্ত্রী বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমরা গণতন্ত্রের মহাসড়কে ফিরতে যাচ্ছি। আগামী দিন বাংলাদেশের মানুষের মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য যে মহান দায়িত্ব হাতে নিয়েছি, আল্লাহ যেন আমাদের সেই দায়িত্ব পালনের তৌফিক দান করেন। বাংলাদেশের মানুষের জানমাল হেফাজতের তৌফিক দান করেন। সেই প্রত্যাশা রেখে, সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদেরকে আমাদের স্বপ্নের সারথি হিসেবে প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির সভাপতি ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডুলার সভাপতি এডভোকেট শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুলার সম্পাদক অ্যাডভোকেট কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন।

প্রিন্ট

আরও সংবাদ