খুলনা | বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২

বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লক্ষ ইট ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:২১ পি.এম | ১১ মার্চ ২০২৬


বাগেরহাটে অবৈধবাবে পরিচালিত ৭টি ইট ভাটার ৪ লক্ষ কাঁচা ইট ভেঙ্গে এবং পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তর খুলনা কার্যালয় এই অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে কোন ইটভাটা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং কাউকে জরিমানা করেনি পরিবেশ অধিদপ্তর। 
অভিযানে, পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুর রহমান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুর রহমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ০৬  ধারা ভঙ্গ করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার করে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত, ২০১০) এর ১২ ধারা অমান্য করে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে অবৈধভাবে পাজা পদ্ধতির ইটভাটাগুলো পরিচালিত হয়ে আসছিলো। অভিযান চালিয়ে ভাটাগুলোর ইট ধ্বংস করা হয়েছে। পরিবেশ সূরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ