খুলনা | বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২

ক্রিকেটে দুর্নীতির থাবা: উইন্ডিজের ক্রিকেটারসহ তিনজন নিষিদ্ধ

ক্রীড়া প্রতিবেদক |
০১:৪৮ পি.এম | ১২ মার্চ ২০২৬


বার্বাডোজের ঘরোয়া টি-টেন লিগ 'বিম-১০'-এ দুর্নীতির অভিযোগে ওয়েস্ট ইন্ডিজের পেসার জাভন সিয়ার্লস, দলের মালিক চিত্রঞ্জন রাঠোর এবং একজন অফিশিয়াল ট্রেভন গ্রিফিথকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) যৌথভাবে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

২০২৩-২৪ মৌসুমের বিম-১০ টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতির চেষ্টার দায়ে এই তিনজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। তার অন্যতম হলো ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা (ধারা ২.১.১)। এছাড়া অন্য খেলোয়াড় বা কর্মকর্তাদের দুর্নীতির সাথে যুক্ত হতে উৎসাহিত করা (ধারা ২.১.৪), জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তা কর্তৃপক্ষকে না জানানো (ধারা ২.৪.২) এবং দুর্নীতি দমন কর্মকর্তাদের তদন্ত কাজে বাধা দেওয়া বা তথ্য লুকিয়ে রাখা।

বিশেষ করে ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচেও দুর্নীতির তথ্য গোপনের অভিযোগ এনেছে আইসিসি। তাদের সবাইকে আগামী ২৫ মার্চের মধ্যে এই অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। তবে এই তদন্তটি একটি বৃহত্তর প্রক্রিয়ার অংশ। পূর্ণাঙ্গ তদন্ত শেষে তাদের শাস্তি ঘোষণা করা হবে।

জাভন সিয়ার্লস ক্যারিবিয়ান ক্রিকেটে একজন পরিচিত মুখ। তিনি অতীতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং ২০১৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকেও একই টুর্নামেন্টে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছিল।

প্রিন্ট

আরও সংবাদ