খুলনা | বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২

রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২

নিজস্ব প্রতিবেদক |
০৬:১৪ পি.এম | ১২ মার্চ ২০২৬

 

বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ১২ জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আটজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বাকি চারজনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, দ্রুত গতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুজন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, পরিবারের বড় ছেলে জনি ফোন করে বলেন- ‘আমি বাদে পরিবারের সবাই একই গাড়িতে ছিল, তারা সবাই মারা গেছে। আমি রামপাল হাসপাতালে যাচ্ছি, তোমরা একটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাও।’ আমরা এসে কাউকে জীবিত পায়নি, সবাই মারা গেছে।

প্রিন্ট

আরও সংবাদ