খুলনা | শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক |
১১:৩৩ পি.এম | ১২ মার্চ ২০২৬


খুলনা-মোংলা মহাসড়কের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস ও বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর–কনে ও জমজ শিশুসহ নিহত বেড়ে ১৪ জন দাঁড়িয়েছে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাগেরহাটের মোংলা–খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফবাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—মোংলা পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক (৬২), আহাদুর রহমান সাব্বির (৩০), আব্দুল্লাহ সানি (৩০), ঐশি (২৮), ফাহিম শিকারি (১), ফারহানা সিদ্দিকা (৩৩), আলিফ (১৩), আরফা (৭), আয়রা (২), আনোয়ারা বেগম (৫৮), মার্জিয়া আক্তার মিতু (২৫), মিনারুল আলম সবুজ (৪২) এবং মাইক্রোবাসের চালক মো. নাইম হোসাইন (২৭)। নিহতদের মধ্যে নববধূ মিতু খুলনার কয়রা উপজেলার নাকসা গ্রামের ছালাম মোড়লের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কয়রা উপজেলার নাকসা গ্রামের মেয়ে মিতুর বিয়ে হয় রামপাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে। বিয়ের পরদিনই নববধূ মিতু তার স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাসে করে শ্বশুরবাড়ি মংলার উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে মাইক্রোবাসটি রামপালের গুনাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একাধিক যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় একে একে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়।

এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিহতদের বাড়ি ও এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। বিয়ের আনন্দে ভরা একটি পরিবার মুহূর্তেই ডুবে গেছে শোকের সাগরে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি পরিবারের এতজন সদস্য একসঙ্গে প্রাণ হারানোয় পুরো এলাকায় শোকের মাতম চলছে। কেউ বিশ্বাস করতে পারছেন না, বিয়ের আনন্দের পরদিনই এমন মর্মান্তিক ট্র্যাজেডি ঘটতে পারে।

প্রিন্ট

আরও সংবাদ