খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শৃঙ্খলাভঙ্গ করায় শাস্তি পেলেন সালমান

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৩৪ পি.এম | ১৪ মার্চ ২০২৬


মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রানআউটের পর ক্ষোভে ফেটে পড়েন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা। তার এই আচরণের জন্য ম্যাচ রেফারির কাছ থেকে শাস্তি পেয়েছেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে এই অদ্ভুত ঘটনা ঘটে। মেহেদী হাসান মিরাজের বলে মোহাম্মদ রিজওয়ান সোজা ব্যাটে খেলেন। বলটি বোলারের দিকে যাওয়ার পথে মিরাজ পা দিয়ে থামান এবং সালমান আগা (নন-স্ট্রাইকার প্রান্তে) বল তুলে মিরাজকে ফিরিয়ে দিতে হাত বাড়ান।

কিন্তু মিরাজ দ্রুত বল তুলে নিয়ে আন্ডারআর্ম থ্রোতে সরাসরি স্টাম্প ভেঙে দেন। তৃতীয় আম্পায়ার যাচাই করে সালমানকে রানআউট ঘোষণা করেন। তখন সালমান ক্রিজের বাইরে ছিলেন।

এই অপ্রত্যাশিত আউটে চরম হতাশ ও ক্ষুব্ধ হন সালমান। তিনি মাঠেই হেলমেট ও গ্লাভস ছুড়ে ফেলেন, চিৎকার করে প্রতিবাদ জানান এবং মিরাজের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। লিটন দাসের সঙ্গেও তার কথা কাটাকাটি হয়। সাজঘরে ফেরার পথে বাউন্ডারি লাইনের কাছে আবারও নিজের সরঞ্জাম মাটিতে আছড়ে মারেন।

অ্যাবিউজ অব ক্রিকেট ইকুইপমেন্টের (ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার) অভিযোগে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ সালমানকে আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেন। সালমান নিজের দোষ স্বীকার করায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। গত দুই বছরে এটাই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

এই ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে। আগামীকাল একই ভেন্যুতে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে, যা অঘোষিত ফাইনাল হিসেবে পরিচিত।

প্রিন্ট

আরও সংবাদ