খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক |
০৪:৩৯ পি.এম | ১৪ মার্চ ২০২৬

 

ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে ক্রাশ প্রোগ্রাম কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২১নং ওয়ার্ডস্থ এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গৃহীত ক্রাশ প্রোগ্রাম কর্মসূচির উদ্বোধন করেন।

ক্রাশ প্রোগ্রাম উদ্বোধনকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে প্রস্তুতিমূলকভাবে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এমনভাবে কর্মসূচি গ্রহণ করা হবে যেন জনগণ স্বপ্রণোদিতভাবে উদ্বুদ্ধ হয়ে এ কাজে অংশগ্রহণ করেন।

তিনি বলেন, সিটি কর্পোরেশন নর্দমাসমূহ পরিষ্কার করবে। কিন্তু জনগণের দায়িত্ব হচ্ছে নর্দমায় এবং যে কোন জলাশয়ে কেউ যেন বর্জ্য না ফেলেন। তিনি পরিচ্ছন্নতা কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জনসাধারণকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান।

সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই এই মরণঘাতী রোগের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

খুলনা জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ স ম জামসেদ খোন্দকার, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ