খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই: খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

খবর প্রতিবেদন |
০৪:৪৪ পি.এম | ১৪ মার্চ ২০২৬

 

বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যে কোন ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ হওয়া যাবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জ্বালানি খাতকে সরকার নিজেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাতে চায়। আগামী ৫ বছর পর এদেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করবো।

বিগত সরকারের আমলে দেশের জ্বালানি খাতে সীমাহীন দুর্নীতির বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে ঝুঁকির মধ্যে পড়েছে বাংলাদেশ। বিগত সরকার বাপেক্স কে পঙ্গু করে রেখেছিল যার ফল আমরা পাচ্ছি। বর্তমান সরকারের আগামী ১৮০দিনের কর্ম পরিকল্পনার মধ্যেই ৮২ মিলিয়ন গ্যাস বা তারও অধিক গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হবে। বর্তমান সরকার বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় বলেও জানান তিনি।

উল্লেখ্য, এই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস। এনিয়ে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ টি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। 

প্রিন্ট

আরও সংবাদ