খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

কেসিসির প্রশাসক মঞ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিএমএ’র

শহীদ ডাঃ মিলনের নির্মিত স্মৃতি স্তম্ভের সংস্কার কাজ সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৯ এ.এম | ১৫ মার্চ ২০২৬


শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের স্মৃতির নিদর্শন স্বরূপ নির্মিত স্মৃতিস্তম্ভের সংস্কার কাজ সম্পন্ন করায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে বিএমএ খুলনা শাখার কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিএমএ খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।
নেতৃবৃন্দ বলেছেন, খুলনা ওয়াসার প্রকল্পের কাজের গাড়ির ধাক্কায় গত বছরের ৯ মে নগরীর বিএমএ ভবনের সামনে সাতরাস্তা মোড়ে অবস্থিত শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের স্মৃতির নিদর্শন স্বরূপ নির্মিত স্মৃতিস্তম্ভটি ভেঙ্গে যায়। বিষয়টি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও খুলনা ওয়াসা কর্তৃপক্ষকে কয়েক দফা পত্র মারফত জানানো হলেও সংস্কার বা পুনঃনির্মাণ করা সম্ভব হয়নি। 
বিবৃতিতে আরও বলা হয় গত ১ মার্চ নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করার পর কয়েক দিনের মধ্যেই ’৯০ এর গণঅভ্যুত্থানে শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের স্মৃতির নিদর্শন স্বরূপ নির্মিত ‘‘স্মৃতিস্তম্ভ”-এর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হয়েছে।  কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানিয়েছেন বিএমএ খুলনা শাখার সকল সদস্য।
বিবৃতিদাতারা বলেন, স্মৃতিস্তম্ভটি ’৯০-এর স্বৈরাচারী বিরোধী গণঅভ্যুত্থানের খুলনার একমাত্র নির্দশন হিসাবে  অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক এই স্মৃতিস্তম্ভে প্রতি বছর ২৭ নভেম্বর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। বিবৃতিতে উল্লিখিত বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে পরবর্তীতে স্মৃতিস্তম্ভটি আরও নান্দনিকভাবে পুনঃনির্মাণ করার দাবি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন বিএমএ খুলনা শাখার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম এবং খুলনা বিএমএ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।

 

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১১ ঘণ্টা আগে