খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

রেলে স্টারলিংকের ফ্রি ওয়াইফাই

খবর প্রতিবেদন |
০১:৪০ এ.এম | ১৫ মার্চ ২০২৬


দেশের যোগাযোগ ইতিহাসে এক ডিজিটাল বিপ্লব ঘটিয়ে এবার চলন্ত ট্রেনেই সরাসরি মহাকাশ থেকে আসা উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সহযোগিণায় ইলন মাস্কের বিশ্বখ্যাত স্পেস-এক্স কোম্পানির ‘স্টারলিংক’ স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এই সেবা প্রদান করা হচ্ছে। 
প্রাথমিকভাবে যে তিনটি ট্রেনে যাত্রীরা এই সুবিধা পাচ্ছেন, সেগুলো হলো: পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলুা এক্সপ্রেস।
রেলওয়ে কর্মকর্তাদের মতে, বর্তমান সময়ে যাত্রীদের দীর্ঘ ভ্রমণে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ একটি বড় চাহিদা। আগে মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হতো, যা ট্রেন চলন্ত অবস্থায় প্রায়ই বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু স্টারলিংক সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করায় গভীর জঙ্গল বা দুর্গম এলাকাতেও ইন্টারনেটের গতি কমবে না।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ এবং অধিক চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনগুলোতেও স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে। এর ফলে ট্রেনের ভেতর বসেই যাত্রীরা ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস বা অফিসের কাজ অনায়াসেই সারতে পারবেন।
 

প্রিন্ট

আরও সংবাদ