খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

মোটরসাইকেল কিনে না দেয়ায় পিতাকে খুন, আহত মা-বোন

খবর প্রতিবেদন |
০১:৪৭ এ.এম | ১৫ মার্চ ২০২৬


জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলেকে মোটরসাইকেল কিনে না দেয়ায় পিতাকে খুন করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা ও বোনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত ছেলে গোলাপ হোসেন তার পিতা আক্কাস আলীর কাছে আলু বিক্রির টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেয়ার দাবি জানায়। কিন্তু পিতা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সে নিজ বাড়িতে থাকা লোহার বটি, লাঠি ও কাঠের বাটাম দিয়ে পিতা আক্কাস আলীকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় মা ও বোন তাকে থামাতে এলে তাদেরকেও আঘাত করে গোলাপ হোসেন। এতে মা ও বোন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত গোলাপ হোসেনকে আটক করে। আহতদের মধ্যে মা আবেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক। 
 

প্রিন্ট

আরও সংবাদ