খুলনা | রবিবার | ১৫ মার্চ ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২

মোংলায় নদী সংলাপে বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

সুন্দরবন সংলগ্ন নদ-নদীসমূহ দখল-দূষণমুক্ত ও খনন করে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হবে

তথ্য বিবরণী |
০২:১৩ এ.এম | ১৫ মার্চ ২০২৬


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়। পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীসমূহ দখল-দূষণমুক্ত ও খনন করে স্বাভাবিক গতি ও নাব্যতা ফিরিয়ে আনা হবে। নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা এবং দখলকৃত খালগুলো উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।
গতকাল শনিবার মোংলা উপজেলার পশুর নদীর পাড় কানাইনগর মোড়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৬ উপলক্ষে ‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও এবং জেলে জীবন বাঁচাও’ শীর্ষক নদী সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মোংলা উপজেলায় সুপেয় পানির জন্য সরকারি পুকুরগুলো খনন করে পানি সংরক্ষণ করা হবে। সুন্দরবনে যারা বিষ দিয়ে মাছ শিকার করেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দরবন আমাদের বাঁচিয়ে রাখছে। সুন্দরবনে কেউ জোর করে প্রবেশ করতে পারবে না। এই বনে অপকর্ম করে কেউ পার পাবে না। তিনি বলেন, মাদক আমাদের পরিবার ও সমাজকে শেষ করে দিচ্ছে এবং নতুন প্রজন্মকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তাই সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সরকারের জিরোটলারেন্স। মাদককে উৎসাহিত ও প্রশ্রয় দেওয়া যাবে না। 
তিনি আরও বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। এছাড়া জেলেদেরও কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে। আপনাদের সহযোগিতা পেলে জেলে কার্ডসহ এ অঞ্চলের মানুষের প্রত্যাশা নিয়ে আমরা কাজ করবো। 
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে সংলাপে উপজেলা সহকারী কমিশনার ভূমি নওসীনা আরিফ, সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, আব্দুল মান্নান হাওয়াদার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন রক্ষায় আমরা-এর সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও সুন্দরবন রক্ষায় আমরা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 
অনুষ্ঠান শুরুর আগে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সন্ধ্যায় প্রতিমন্ত্রী বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করেন।

প্রিন্ট

আরও সংবাদ