খুলনা | সোমবার | ১৬ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

সৌদি ও আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

খবর প্রতিবেদন |
০৫:০২ পি.এম | ১৫ মার্চ ২০২৬

 

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদের আকাশে পৌঁছানোর আগেই বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রিয়াদ মহানগর এলাকায় চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরব ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, সামরিক ঘাঁটি এবং জনবসতিপূর্ণ এলাকাকে চিহ্নিত করা হয়েছে।

ইরানি হামলায় এখন পর্যন্ত সৌদি আরবে অন্তত দুজন নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের ভাষ্য অনুযায়ী, ওই ঘাঁটিতে ১০টি ক্ষেপণাস্ত্র ও অজ্ঞাতসংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সময়ে আহত ১০৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি। ধারণা করা হচ্ছে, তাদের কেউ ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা লেবানন থেকে নিক্ষিপ্ত রকেটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতেও অনেকে আহত হতে পারেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮১ জন তখনও চিকিৎসাধীন ছিলেন। সূত্র: আল জাজিরা, এএফপি।

প্রিন্ট

আরও সংবাদ