খুলনা | বুধবার | ১৮ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

‘হিরো’ সিনেমার সেই অভিনেত্রী আর নেই

খবর বিনোদন |
০১:৪৬ এ.এম | ১৬ মার্চ ২০২৬


হিন্দি সিনেমার আশি ও নব্বইয়ের দশকের অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই। শুক্রবার রাতে মুম্বাইয়ে একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
১৯৭৫ সালে হরর সিনেমা ‘আন্ধেরা’ দিয়ে অভিনয়ে অভিষেক তার। দীর্ঘ অভিনয় জীবনে প্রধান নায়িকা হিসেবে খুব বেশি সুযোগ না পেলেও বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
মধু মালহোত্রার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় সিনেমা ১৯৮৩ সালের ‘হিরো’। বিশেষ করে এই সিনেমার জনপ্রিয় গান ‘লাম্বি জুদাই’-তে তার উপস্থিতি দর্শকদের মনে ছাপ ফেলে।
মধু মালহোত্রা অভিনয় করেন ‘সত্তে পে সত্তা’ সিনেমাতেও। পরিচালক রাজ এন সিপ্পি নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনী। পরে ‘দ্য গ্রেড গিম্বেল’ ছবিতে অমিতাভ বচ্চনের বোনের ভূমিকায় অভিনয় করে বলিউডে পরিচিতি পান তিনি।
এরপর জনপ্রিয় সিনেমা ‘কার্জ’-এ ‘পিংকি’ চরিত্রেও দেখা যায় তাকে। ছবিটিতে অভিনয় করেন ঋষি কাপুর, সিমি হারেওয়াল ও টিনা মুনিম।
প্রধান নায়িকা হিসেবে বড় সাফল্য না পেলেও পার্শ্বচরিত্রে তার অভিনয় হিন্দি সিনেমার দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। 
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রিন্ট

আরও সংবাদ