খুলনা | সোমবার | ১৬ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় জেলা প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ

খবর প্রতিবেদন |
০১:৫৪ এ.এম | ১৬ মার্চ ২০২৬


জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও সকল জেলা প্রশাসকগণ অনলাইনে অংশগ্রহণ করেন। 
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিদিন তেল ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে নিয়মিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। 
এ ছাড়াও ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দকৃত জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে হবে এবং পেট্রোল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমারসহ সকল গ্রাহকের কাছে সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি করার নির্দেশ দেন তিনি। 
প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো পেট্রোল পাম্প বন্ধ থাকলে তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করতে হবে এবং সংশ্লিষ্ট ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব ডাবল চেক করতে হবে। পাশাপাশি অবৈধ মজুত প্রতিরোধ, তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিতকরণ, জ্বালানি তেলের পাচার রোধ এবং অধিক মূল্যে বিক্রি বন্ধে কঠোর নজরদারি রাখতে হবে। কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তিনি জেলা পর্যায়ে নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের দুর্ভোগ যাতে না বাড়ে সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সচেতন থেকে আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহŸান জানান তিনি।
এ ছাড়া, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পূর্বে জারি করা ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ক’ নির্দেশনা জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়নের আহŸান জানান তিনি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।
এর আগে, জ্বালানি মন্ত্রণালয়ে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা কামনা করেন।
এ সময় সংগঠনের নেতারা জানান, পারস্পরিক আলোচনা ও সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। জ্বালানি মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেন এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ