খুলনা | সোমবার | ১৬ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

ঈদ উপলক্ষে টানা ১০ দিন ছুটির ফাঁদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:২৩ এ.এম | ১৬ মার্চ ২০২৬


ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ১০ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোষ্ট খোলা থাকবে। বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিকভাবে চলবে। সম্প্রতি ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশন এক সভায় এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস, নির্বাহী আদেশের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিন ভোমরা স্থলবন্দর ও শুল্ক স্টেশনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন চেক পোষ্ট) খোলা থাকবে। এসময় দু’দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান বর্তমানে পবিত্র রমজান মাস চলায় প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলছে পণ্য খালাস ও লোডিংয়ের কাজ। আগামী ১৭ মার্চ পর্যন্ত বন্দরে পুরোদমে কাজ চলবে। ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সাপেক্ষে ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্তা  টানা ১০ দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম পুনরায় চালু হবে। 
ভোমরা ইমিগ্রেশন চেক পোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক রাশেদুজ্জামান বলেন, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বরাবরের মতোই স্বাভাবিক থাকবে। কাজেই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা সীমান্ত পাড়ি দেবেন, তাদের জন্য উৎসবের দিনগুলোতেও ইমিগ্রেশন সেবা চালু থাকছে ।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানিয়েছেন, সরকারি ছুটির কারণেই এই দীর্ঘ বিরতি। টানা ১০দিন বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তবে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, আমদান-রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দর ও কাস্টমস হাউসের অভ্যন্তরীণ কিছু দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলমান থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ