খুলনা | সোমবার | ১৬ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে স্ব-স্ব দপ্তর প্রধানদের কৃচ্ছ্রতা সাধনের অনুরোধ জেলা প্রশাসকের

তথ্য বিবরণী |
০২:২৪ এ.এম | ১৬ মার্চ ২০২৬


খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের সভা রোববার জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি মাহে রমজানের সংযম ও মার্কিন-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ¦ালানি ব্যবহারের ক্ষেত্রে  স্ব স্ব দপ্তর প্রধানদের কৃচ্ছ্রতা সাধনের অনুরোধ জানান।
সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশা থেকে পরিত্রাণ পেতে জেলার সকল দপ্তরের স্ব-উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা প্রয়োজন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম জানান, খুলনা জেলায় বর্তমানে বোরো মৌসুমে ধানের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ৯৯.৬৬ শতাংশ আবাদ কার্যক্রম চলমান এবং সবজি চাষে আবাদ শতভাগ চলমান।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, পবিত্র রমজান মাসে পহেলা রমজান থেকে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রি অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলার ১০টি স্থানে ১ লাখ ৩৬ হাজার ৭৭৩ পিস ডিম, ৫ হাজার ৮১৬ লিটার দুধ, ৪ হাজার ৪১৯ কেজি ড্রেসড ব্রয়লার মাংস, ২ হাজার ৭০৭ কেজি ড্রেসড সোনালি মুরগির মাংস, ৬ হাজার ৫৪৫ কেজি গরুর মাংস এবং ৫০১ কেজি খাশির মাংস বিক্রয় করা হয়, যার সর্বমোট মূল্য ৮০ লাখ ৯৪ হাজার ১৬৮ টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান সভায় জানান, রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশইনের বিরুদ্ধে ১০টি অভিযান ও তিনটি মোবাইলকোর্ট পরিচালনা করে ৪০৮ কেজি চিংড়ি বিনষ্ট এবং ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জানান, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তিনি আসন্ন রমজানে যাকাতের একটি অংশ ফাউন্ডেশনের যাকাতবোর্ডে প্রদানের অনুরোধ করেন, যা আয়কর মুক্ত। 
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ