খুলনা | সোমবার | ১৬ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২

চিংড়ি ঘের থেকে মরদেহ উদ্ধার

পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

পাইকগাছা প্রতিনিধি |
০২:৩১ এ.এম | ১৬ মার্চ ২০২৬


পাইকগাছায় চিংড়ি ঘের থেকে ভারতী মন্ডল (৫৫) নামে এক পুলিশ কর্মকর্তার মায়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যার পর উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী এলাকার একটি চিংড়ি ঘেরে তাকে ফেলে রেখে যায়। নিহত ভারতী মন্ডল প্রভাষ মন্ডলের স্ত্রী। তার একমাত্র ছেলে শরণখোলা থানায় এসআই পদে কর্মরত।  খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান (ক্রাইম) ও সহকারী পুলিশ সুপার আমির হামজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানায় শনিবার গভীর রাতে কে বা কারা উক্ত নারীকে মাথায় কুপিয়ে ও গলাকেটে হত্যা করে বসত বাড়ির পূর্ব পাশে চিংড়ি ঘেরে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের ভাই সুকুমার মনি জানান, রোববার সকালে বোনের বাড়িতে এসে দেখি দরজা খোলা ঘরে জিনিসপত্র তছনছ করা। এরপর  ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির কাছে ঘেরে বোনের লাশ পড়ে থাকতে দেখি। স্থানীয় অনেকেই বলেন বসতবাড়িতে লুটপাট করার পর ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
স্থানীয় সংবাদ কর্মী কৃষ্ণ রায় বলেন বসতবাড়ির পশ্চিম পাশে ঘেরের রাস্তায় ১৫টি জুয়েলারি ব্যাগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন কে বা কারা ভিকটিমের মাথায় কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে মৎস্য ঘেরে ফেলে রাখে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন বিষয়টি পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং তদন্ত করে দেখছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে সবকিছু পরিস্কার হওয়া যাবে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছিল। 

প্রিন্ট

আরও সংবাদ