খুলনা | বুধবার | ১৮ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

পর্যায়ক্রমে সব স্কুলে ফিরছে ‘মিড ডে মিল’

খবর প্রতিবেদন |
০৪:১৫ পি.এম | ১৬ মার্চ ২০২৬

 

পর্যায়ক্রমে দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রথমে উপজেলার সরকারি স্কুলগুলোতে এই কর্মসূচি চালু করা হবে, এরপর ধাপে ধাপে দেশের সব স্কুলে তা বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে সিঙ্গেল কারিকুলামের দিকে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। বাংলা, ইংরেজি ও ইবতেদায়ীসহ সব মাধ্যমে ১২ বছর শিক্ষার পর শিক্ষার্থীরা যেন সমান দক্ষতা অর্জন করতে পারে, সে লক্ষ্যে কাজ চলছে।

তিনি বলেন, শিক্ষা কারিকুলামে সংস্কৃতি ও খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুনের পর থেকে এ বিষয়ে কাজ শুরু হবে এবং দুই থেকে তিন বছরের মধ্যে তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, ভাষাগত দক্ষতা, গণিতের দক্ষতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সরকার কাজ করছে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের হাতে প্রযুক্তি পৌঁছে দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া পথশিশুদের জন্য শিশু কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করা হবে বলেও জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ