খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

নিখোঁজের তিন মাস পর কচুরিপানার মধ্যে মিললো যুবকের মরদেহ

গোপালগঞ্জ প্রতিনিধি |
০১:০২ এ.এম | ১৭ মার্চ ২০২৬


নিখোঁজের তিন মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পুকুরের কচুরিপানার মধ্যে মিললো মোঃ তৌহিদুল ইসলাম মোল­া (৩০) নামে এক যুবকের গলিত মরদেহ। সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের ওই পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামের আকতার আলী মোল­ার ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল­াহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হয় এবং তদন্তের অংশ হিসেবে সাকিব শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে আজ দুপুরে সুমন নামের একজন পুকুর পরিষ্কার করার সময় কচুরিপানার মধ্যে গলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, পরিবারের লোকজন মরদেহটি তৌহিদুল মোল্যা বলে শনাক্ত করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

প্রিন্ট

আরও সংবাদ