খুলনা | মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

খুবি উপাচার্যের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক প্রফেসর ড. আব্দুল আওয়াল

নিজস্ব প্রতিবেদক |
০২:১৯ এ.এম | ১৭ মার্চ ২০২৬


প্রধানমন্ত্রীর কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আব্দুল আওয়াল।
অধ্যাপক আব্দুল আওয়ালকে সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধাদি দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার রাতে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোঃ গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তার এই নিয়োগ কার্যকর থাকবে।
অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল ডিসিপ্লিনের অধ্যাপক আব্দুল আওয়াল গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। ওই বছরের ২৫ সেপ্টেম্বর উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি। 
প্রসঙ্গত, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে ২০০৪ সালে স্নাতক, ২০০৯ সালে বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অব লিউভেন থেকে আণবিক জীব বিজ্ঞানে মাস্টার্স এবং ২০১৫ সালে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের চার্চিল কলেজ থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিযুক্ত হওয়ায় প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালকে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী ও দক্ষ শিক্ষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক। তিনি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে ফেলো হিসেবে গবেষণা করেন। কৃষি, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিয়ে তাঁর গুরুত্বপূর্ণ গবেষণা দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাপকভাবে সমাদৃত।
তিনি আরও বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তাঁর প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে তিনিই প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল করেছিলেন।
বিবৃতিতে উপাচার্য বলেন, প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালের এই নতুন দায়িত্ব খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের। আমি আশা করি, তাঁর অভিজ্ঞতা, মেধা ও দূরদর্শী নেতৃত্ব দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং জাতীয় উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।
সরকারের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালকে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি উপাচার্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ, একই সঙ্গে তিনি প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে উত্তরোত্তর সাফল্য কামনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবার।
অনুরূপভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবীসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ