খুলনা | বুধবার | ১৮ মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২

ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে ৫ জন আটক, ৯টি ঘোড়া উদ্ধার

খবর প্রতিবেদন |
০২:০১ এ.এম | ১৮ মার্চ ২০২৬


গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনভাবে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে খলিশাজানি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ট্রাকভর্তি ৯টি ঘোড়া উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মুন্না মিয়া (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকার সাজ্জাদ হোসেন (২৬), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার মাহমুদ মাঝি (৩৯) ও ঢাকার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার আবুল পাটোয়ারী (৪৬)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদে কালিয়াকৈর থানার সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সরকারি বনের পাশে অভিযান চালান। অভিযান শুরুর সময় জবাইয়ের প্রস্তুতি চলছিল, কিন্তু পুলিশ হস্তক্ষেপে পাঁচজনকে আটক করা হয় এবং ঘোড়াগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বনের ভেতরে ঘোড়া জবাই করে মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে বিক্রি করতেন। এর আগে ১০ মার্চ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় বনের মধ্যে ঘোড়ার মাথা, চামড়া ও অন্যান্য অংশ পড়ে থাকতে দেখা যায়, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছিল।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, চক্রটি গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করত। আজ অভিযান চালিয়ে জবাইয়ের আগেই ঘোড়াগুলো উদ্ধার করেছি এবং পাঁচজনকে আটক করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ