খুলনা | বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২

আহত শতাধিক যাত্রী : সহকারী স্টেশন মাস্টার বরখাস্ত

সংকেত মানেননি লোকোমাস্টার, সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায়

খবর প্রতিবেদন |
০১:৩৫ এ.এম | ১৯ মার্চ ২০২৬


লোকোমাস্টার সংকেত অমান্য করার কারণে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার পর ঈদে ঘরমুখী ট্রেনযাত্রীরা চরম বিড়ম্বনায় পড়েছেন। তাঁরা বিভিন্ন যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণপাড়া নামক স্থানে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আতহদের উদ্ধার কাজ চলমান রেখেছে। তবে এ দুর্ঘটনায় চালকের অদক্ষতা ও স্টেশনের মাস্টারের দায়িত্ব অবহেলা হয়েছে বলে জানান স্থানীয়রা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমদীঘি স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা এখন পর্যন্ত আহত ৪৮ জনকে উদ্ধার করেছেন। আর রেলপথ মন্ত্রণালয় বলছে, আহত মানুষের সংখ্যা ৬৬।
ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহাম্মেদ হোসেন মাসুম। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে পার্বতীপুর ও ঈশ্বরদী থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে।
জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে শত শত যাত্রী নীল সাগর ট্রেনযোগে সান্তাহার হয়ে বিভিন্ন জেলায় যাচ্ছিলেন। প্রতিদিনের ন্যায় এদিন সান্তাহার স্টেশন সংলগ্ন বগাবাড়ী নামক স্থানে রেল লাইনের কাজ চলছিল। কিন্তু নীলসাগর ট্রেনটি কিছু বুঝে উঠার আগেই ঘটনাস্থলে পৌঁছালে ৯টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে এসি চেয়ার ৭২৩৫, শোভন চেয়ার, ৭২৫০ শোভন চেয়ার, ৭২২৭ শোভন চেয়ার ,৭৫১৩ পাওয়ার কার, শোভন চেয়ার ৭৯০৫,  ৭৯২৭ শোভন চেয়ার এবং শোভন চেয়ার ৭৯২৮ বগি আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শতাধিক যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছে। এর আগে অনেক যাত্রী নিজ নিজ উদ্যোগে চলে গেছে। তবে নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না কতো যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনা কবলিত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগবাড়ি এলাকায় রেললাইন মেরামতের কাজ চলছিল। ওই স্থানে লাল নিশানা টাঙানো ছিল। ঢাকা থেকে নীলফামারীগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঈদে ঘরমুখী যাত্রীতে ভরা ছিল। ট্রেনটি সান্তাহার জংশনে যাত্রাবিরতির পর আক্কেলপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। সান্তাহার জংশনের দুই কিলোমিটার উত্তরের বাগবাড়িতে এসে ৯টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা নিচে পড়ে আহত হন। এ ছাড়া বগির ভেতরে থাকা অনেক যাত্রীও আহত হন। 
বুধবার বিকেল চারটায় দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রেনটির ৯টি বগির লাইনচ্যুত হয়ে আছে। কয়েকটি বগির চাকা লাইন ছেড়ে পাথরের ওপর। ট্রেনটি কয়েকটি বগি আঁকাবাঁকা হয়ে রয়েছে। রেললাইন উপড়ে গেছে।
বাগবাড়ি গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘আমি দুপুরে বাড়ির বাইরে কাজ করছিলাম। এমন সময় দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ছাদে থাকা লোকজনের কারও হাত ভেঙেছে, কারও মাথা কেটেছে।’ 
বাগবাড়ি গ্রামের বাসিন্দা ছামাদ বলেন, বাগবাড়িতে রেললাইনের মেরামতের কাজ চলছিল। সকাল থেকে সব ট্রেন এখানে দাঁড়িয়েছে। এরপর গতি কমিয়ে ঝুঁকিপূর্ণ স্থান অতিক্রম করেছে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাল নিশানা উড়িয়ে ঝুঁকিপূর্ণ স্থান অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
সান্তাহার জংশন স্টেশনের অধীনে দায়িত্বে থাকা ওয়েম্যান সোহেল বলেন, রেললাইন ভেঙে যাওয়ার কারণে এখানে কাজ হচ্ছিল। কন্ট্রোল রুমে সিগন্যাল দেওয়া আছে। তারপরও লাল ব্যানার দেওয়া থাকে। সিগন্যাল ও লাল ব্যানার উপেক্ষা করে ট্রেনটি এসে দুর্ঘটনায় পড়ে। এমনকি হাতের সিগন্যালও মানেননি চালক। আমি মনে করি এটা ট্রেনচালকের অবহেলার কারণে এতো বড় দুর্ঘটনা ঘটেছে।
জানতে চাইলে সান্তাহারের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, কীভাবে এটা হলো এখন বলা যাবে না। পরবর্তীতে বলা যাবে। কারণ এখন এখানে ট্রেনের ড্রাইভার নেই। এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, রেললাইনে আগে থেকেই ত্র“টি ছিল। বেলা আড়াইটার দিকে সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ৯টি বগি লাইনচ্যুত হয়। এ রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দু’টি রিলিফ ট্রেন এসেছে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহাম্মেদ হোসেন মাসুম বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে কার দোষ, সেটি নিশ্চিত হওয়া যাবে। দ্রুত মেরামত করে রেললাইন সচল করা হবে। 
এদিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, বুধবার ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে যায়। সান্তাহার স্টেশন পার হয়ে তিলকপুর স্টেশনের দিকে যাওয়ার সময় ব্যানার সিগন্যাল অনুসরণ না করায় বগুড়ার আদমদীঘি উপজেলার বাগমারী এলাকায় ৯টি কোচ লাইনচ্যুত হয়। এতে আহত হন ৬৬ জন। এর মধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন, ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৬ জনকে বগুড়া আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনটি স্টেশনে আটকা ৫টি ট্রেন : সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় তিনটি স্টেশনে ঈদযাত্রার ৫টি ট্রেন আটকা পড়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, রাত দুইটা নাগাদ লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার হবে। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের আরও কয়েক জোড়া ট্রেন আটকা পড়তে পারে। ঘটনার পর উত্তরবঙ্গের ৫ জেলা নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেল কন্ট্রোলার শফিকুর রহমান জানান, ঘটনার পর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঈদযাত্রার তিনটি ট্রেন আটকা পড়ে ছিল। এর মধ্যে পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস জয়পুরহাটের আক্কেলপুরে, খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস নাটোরের রানীনগরে, খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল নাটোরে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস নাটোরের আবদুলপুর স্টেশনে ও রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস আবদুলপুর স্টেশনে আটকে ছিল রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা ২০ মিনিট)।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে রাত দুইটা বাজতে পারে। এতে আরও কয়েক জোড়া ট্রেন আটকা পড়ার আশঙ্কা রয়েছে। তবে দ্রুত লাইন চালুর চেষ্টা করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ