খুলনা | শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | ৫ চৈত্র ১৪৩২

পিএসএল খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ-শরিফুলরা

ক্রীড়া প্রতিবেদক |
০২:১২ পি.এম | ১৯ মার্চ ২০২৬


পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার দল পেয়েছেন বাংলাদেশের পাঁচ তারকা ক্রিকেটার। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে তারা বিসিবির এনওসি (অনাপত্তি) পাবেন কি না, পেলেও তা কতদিনের জন্য সেই আলোচনা ছিল। অবশেষে জানা গেছে, পাঁচ ক্রিকেটারকেই এনওসি দিয়েছে বিসিবি। তারা লিগটিতে খেলতে পারবেন ১২ এপ্রিল পর্যন্ত।

এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। সবশেষ দিন দুয়েক আগে পঞ্চম বাংলাদেশি হিসেবে শরিফুল ইসলামও প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে বাঁ–হাতি এই পেসারকে।

এ ছাড়া পারভেজ ইমন মুস্তাফিজের সঙ্গে লাহোর এবং রিশাদ হোসেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি গায়ে তুলবেন। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ জয়ের পর আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা নেই। তাই ক্রিকেটাররা ঈদের ছুটিতে আছেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। তার আগেই পাকিস্তান থেকে ফিরতে হবে মুস্তাফিজ-রিশাদদের।

৫ ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছেন, সবারই এনওসি মঞ্জুর হয়েছে। তবে নিউজিল্যান্ড সিরিজ থাকায় নিদিষ্ট সময়ের (১২ এপ্রিল পর্যন্ত) জন্য তারা ছাড়পত্র পেয়েছেন।

দিন দুয়েক আগে এ বিষয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। ওই সময় ফাহিম বলেন, ‘চেষ্টা থাকবে আমাদের এখানে যাদের প্রয়োজন, ওয়ানডেতে আমরা স্বাভাবিকভাবেই কোনো ধরনের আপস করব না। আমরা যদি মনে করি যে একজন খেলোয়াড়কে ওখানে সুযোগ দিলে তার টি-টোয়েন্টিতে উন্নতির জন্য ভালো হবে এবং একইসঙ্গে তার বিকল্পও আমাদের এখানে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দেব।’

২৬ মার্চ পিএসএলের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়রাবাদ হিউস্টন। অর্থাৎ, আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ-ইমনের। অন্যদিকে, ২৮ মার্চ প্রথম ম্যাচ রয়েছে রিশাদ, রানা ও শরিফুলের। তিনজনই একাদশে থাকলে ওই ম্যাচে রানা-শরিফুলের পেশোয়ার জালমি লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির বিপক্ষে। একইভাবে মুস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্সের বিপক্ষেও ম্যাচ রয়েছে পেশোয়ার ও রাওয়ালপিন্ডির। ফলে বাংলাদেশ জাতীয় দলের সতীর্থদের মুখোমুখি লড়তে হতে পারে এবারের পিএসএলে।

প্রিন্ট

আরও সংবাদ