খুলনা | শনিবার | ২১ মার্চ ২০২৬ | ৬ চৈত্র ১৪৩২

আইপিএলে দুঃসংবাদ শোনাচ্ছেন একের পর এক বিদেশি ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৩৯ পি.এম | ২০ মার্চ ২০২৬


একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা অনিরাপদ করে তুলেছে আকাশপথ, যে কারণে বিকল্প পথে বিদেশি ক্রিকেটারদের আনতে হবে ভারতকে। কারণ আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। অন্যদিকে, একের পর এক চোটের ধাক্কা হতাশ করছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। বেশ কয়েকজন বিদেশি তারকা এই মুহূর্তে চোটে ভুগছেন, তাদের কেউ পুরো আসর, কেউবা শুরুর দিকে থাকছেন না।

অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে সানরাইজার্স হায়দরাবাদ যে আইপিএলের শুরুর দিকে পাবে তা আগেই জানতে পেরেছিল। এবার মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডও কবে যোগ দেবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একইভাবে প্রথম দিকে থাকছেন না লকি ফার্গুসন এবং পুরো আসর থেকেই ছিটকে গেছেন স্যাম কারান, নাথান এলিস, ও জ্যাক এডওয়ার্ডসের মতো বিদেশি ক্রিকেটাররা।

প্যাট কামিন্স : অস্ট্রেলিয়ার এই টেস্ট অধিনায়ক হায়দরাবাদকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল এবারের আসরেও। তবে তিনি পিঠে চোটের কারণে লম্বা সময় ধরে ভুগছেন। অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন মৌসুমে মাত্র একটি টেস্ট খেলেছেন, অ্যাশেজের বাকি ম্যাচগুলোর পাশাপাশি মিস করেছেন সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপও। সে কারণে হায়দরাবাদ আইপিএলের শুরুর দিকে নেতৃত্বভার ইশান কিষাণের হাতে তুলে দিয়েছে। পরবর্তী সপ্তাহে কামিন্স ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে যোগ দিতে পারেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর সেটি নিশ্চিত হবে।

মিচেল স্টার্ক : বাঁ–হাতি এই তারকা পেসার এই মুহূর্তে কোনো ইনজুরিতে নেই, তবে অতিরিক্ত ওয়ার্কলোডের কথা বিবেচনা করতে হচ্ছে তাকে। কামিন্স-হ্যাজলউডের অনুপস্থিতিতে সর্বশেষ অ্যাশেজে স্টার্ককে অস্ট্রেলিয়ার পেস বিভাগ সামলাতে হয়েছে। যদিও এরপর থেকে বিরতিতে আছেন, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই অবসর নেওয়ায় ছিলেন না সর্বশেষ বিশ্বকাপেও। ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয়। ফিটনেস নিয়ে ইতিবাচক বার্তা পেলেই কেবল আশাবাদী হতে পারে দিল্লি ক্যাপিটালস।

জশ হ্যাজলউড : নিজেদের ইতিহাসে প্রথমবার আইপিএলে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির দলটিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অস্ট্রেলিয়ান পেসার হ্যাজলউডের। তবে এবার শুরুর ম্যাচগুলো তিনি মিস করতে পারেন। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস ইনজুরির কারণে তিনি পুরো অস্ট্রেলিয়ান গ্রীষ্মকাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। এখনও পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিটনেস টেস্টে পাস করলেই আইপিএলে যোগ দেওয়ার অনুমতি পাবেন।

নাথান এলিস : সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ সদস্য হলেও হ্যামস্ট্রিং চোটে এবারের পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন এলিস। চেন্নাই সুপার কিংসের পেস আক্রমণে তিনি নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও, ধোনি-রুতুরাজের দল এখন তার বিকল্প খুঁজছে।

স্যাম কারান : ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার চেন্নাই সুপার কিংস থেকে ট্রেড পদ্ধতিতে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন। কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সি এখনই গায়ে তোলা হচ্ছে না তার। স্যাম কারান গ্রোয়িন ইনজুরির কারণে পুরো মৌসুম মিস করতে পারেন। এর আগে সঞ্জু স্যামসনকে নিতে কারান এবং রবীন্দ্র জাদেজাকে রাজস্থানের কাছে ছেড়ে দিয়েছিল চেন্নাই। স্বাভাবিকভাবেই ইংলিশ তারকার অনুপস্থিতিতে দলের ভারসাম্যে প্রভাব পড়তে পারে।

জ্যাক এডওয়ার্ডস : সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক মৌসুম খেলার কথা থাকলেও পায়ের চোটে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন এই অস্ট্রেলিয়ান পেসার। বিগ ব্যাশে ১৩ উইকেট নেওয়া এডওয়ার্ডস ছিলেন নিলামে একমাত্র আনক্যাপড বিদেশি খেলোয়াড়। এডওয়ার্ডসের পাশাপাশি অধিনায়ক প্যাট কামিন্সও শুরুতে না থাকায় হায়দরাবাদের বোলিং আক্রমণে বড় ধাক্কা লেগেছে।

লকি ফার্গুসন : পাঞ্জাব কিংসের এই কিউই পেসার আইপিএলের শুরুর অংশ মিস করবেন ব্যক্তিগত কারণে। সম্প্রতি বাবা হওয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। পরে টুর্নামেন্টের শেষদিকে দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে চলমান টি-টোয়েন্টি সিরিজে খেলছিলেন ফার্গুসন। তবে বাবা হওয়ায় আজ (শুক্রবার) তৃতীয় ম্যাচে তিনি অনুপস্থিত। 

প্রিন্ট

আরও সংবাদ